ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (৬ই মার্চ) ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী। ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বমুহূর্তে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ এই আয়োজনে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
খবরটি শেয়ার করুন