বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তার ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

মিরপুরে আজ রোববার (১৮ই জানুয়ারি) রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা ছিল সেঞ্চুরিময়। দুপুরে সেঞ্চুরি করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান ইসাখিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা মোহাম্মদ নবির ছেলের প্রথম সেঞ্চুরি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তার প্রথম সেঞ্চুরিটা ভেস্তে গেলে হৃদয়ের সেঞ্চুরিতে। ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স।

১৭৪ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে অনেকটা এগিয়ে যায় রংপুর রাইডার্স। ৪৯ বলে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তাওহিদ হৃদয় ও ডেভিড মালান। নবম ওভারের প্রথম বলে মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন জহির খান। ১৭ বলে ১ চারে ১৫ রান করেন মালান।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রংপুরের নতুন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে নামা হৃদয় চালিয়ে যান তার স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিং। ৫৭ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর ম্যাচটা শেষ করে আসার সুবর্ণ সুযোগ ছিল তার।

তবে ১৯তম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদের অফ স্টাম্প বরাবর বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। ৬৩ বলে ১৫ চার ও ২ ছক্কায় করেছেন ১০৯ রান।

হৃদয় আউট হওয়ার পর রংপুরের প্রয়োজন হয় ৯ রান। লিটন ও খুশদিল শাহ বাকি অংশ নিরাপদে পাড়ি দিয়েছেন। ২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। লিটন ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন। ১০৯ রান করা হৃদয় পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় নোয়াখালী এক্সপ্রেস। রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) দুই ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন।

তবে ওপেনিংয়ে নামা হাসান ইসাখিল একপ্রান্তে দাঁড়িয়ে রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়েছেন। ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭২ বলে ৪ চার ও ১১ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইসাখিল।

নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। রংপুরের নাহিদ রানা ও আলিস আল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। আলিস ৪ ওভারে ২২ রান দিয়েছেন। পুরো ৪ ওভার বোলিং করে রানা খরচ করেছেন ৪০ রান। যদিও তিনি ১২ বল ডট দিয়েছেন। রানা-আলিসের সতীর্থ আকিফ জাভেদ ৪ ওভারে ৫৩ রান দিয়েছেন।

১০৯ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন হৃদয়। ১০ ম্যাচে ৪২ গড় ও ১৩৯.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৩৭৮ রান। ৩২৯ রান করে যৌথভাবে দুইয়ে সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

হৃদয়ের টি-টোয়েন্টিতে আরেকটা সেঞ্চুরি এসেছিল বিপিএলেই। ২০২৪ বিপিএলে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত ছিলেন। সেবার তিনি খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।

রংপুর রাইডার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250