বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকায় মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘন্টা পর ডেইজি নামের সিংহীটিকে খাঁচায় ফেরানো হয়েছে। 

আজ শুক্রবার (৫ই ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে যায় ডেইজি। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা পর সিংহীটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রফিকুল ইসলাম বলেন, 'সিংহীটি খাঁচা থেকে বের হয়ে গেছে। তবে এটি এখনো চিড়িয়াখানায় ৬ ফুট উচ্চতার নেটের ভেতরেই আছে। আমরা ইতোমধ্যে সিংহীটিকে চেতনানাশক দিয়েছি। সিংহীটি অচেতন হয়ে গেলে আবার খাঁচায় ফিরিয়ে আনা হবে।'

'তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিংহীটির অচেতন হতে ১৫-২০ মিনিট সময় লাগতে পারে,' সন্ধ্যা ৭টার দিকে বলেন তিনি। তিনি আরও জানান, চিড়িয়াখানার ভেতরে থাকা সব দর্শনার্থীকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

সিংহীটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, 'খাঁচার গেট সম্ভবত তালা মারা ছিল না। কোথাও কোনো ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি। এ বিষয়ে আজ রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।' বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় মোট ৫টি সিংহ রয়েছে বলে জানা গেছে।

সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  

কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড.  আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

মিরপুর জাতীয় চিড়িয়াখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250