ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এমন প্রার্থীদের জন্য নমনীয় হলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন, তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে সংস্থাটি।
গতকাল রোববার (১৮ই জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করে ইসি।
দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত ও ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দেয় কমিশন।
শুনানিতে অনুপস্থিত থাকায় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়। আর কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি যাচাইয়ের জন্য তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এক্ষেত্রে প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।
দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিয়েও যাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, তারা হলেন জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনে বিএনপির এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ বিএনপির মনিরুজ্জামান, ফরিদপুর-২ বিএনপির শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ বিএনপির তাহির রায়হান, মৌলভীবাজার-২ বিএনপির শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ স্বতন্ত্র সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ জামায়াতের জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপির কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ স্বতন্ত্র জহিরুল ইসলাম, রংপুর-১ জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ জাপার খোরশেদ আলম, নাটোর-১ খেলাফত মজলিশ আজাদুল হক, যশোর-২ জামায়াতের মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ জামায়াতের একে ফজলুল হক, শেরপুর-২ বিএনপির ফাহিম, চট্টগ্রাম-৩ ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ জামায়াতের মাহবুব আলম সালেহ, মানিকগঞ্জ-৩ বিএনপির আফরোজা খানম রিতা ও সুনামগঞ্জ-৩ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী।
খবরটি শেয়ার করুন