ছবি: সংগৃহীত
আগামী ১৪ই এপ্রিল বা পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। আজ রোববার (২২শে ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে পুনঃতফসিলের পর কবে ভোট হবে—জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, শিগগির নির্বাচন হবে। ১৪ই এপ্রিলের আগেই যাতে ভোট গ্রহণ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ‘সাধারণত পহেলা বৈশাখের সময় ঝড়বৃষ্টি হয়। তাই এর আগেই ভোট করার চেষ্টা করছি।’
এই দুই আসনে পোস্টাল ব্যালট প্রসঙ্গে আব্দুর রহমানেল মাসুদ জানান, শেরপুর-৩ আসনে পোস্টাল ব্যালট ইতিমধ্যে পাঠানো হয়েছে। আর বগুড়া-৬ আসনে প্রবাসীদের কাছে নতুন করে ব্যালট পাঠানো হবে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ নেওয়ার ৯০ দিনের মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। দলগুলো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। কমিশন আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবে।
এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকের বিধান (অর্ডিন্যান্স) সংশোধনের বিষয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
আব্দুর রহমানেল মাসুদ বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছিল। এখন সংসদ বসবে। সংসদে ওই অধ্যাদেশ অনুমোদন হয় নাকি আগের অবস্থায় ফিরে যায়, তা দেখার বিষয়। সংসদের সিদ্ধান্ত পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন কবে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন সংসদের দিকে তাকিয়ে আছি। অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত পাওয়া গেলেই ভোটের আয়োজন করা হবে।’
খবরটি শেয়ার করুন