বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তারা প্রতারিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৫ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় গতকাল বুধবার ঢাকা এসেছিলেন তারা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা হলেন কমলগঞ্জ উপজেলার আদকানি গ্রামের মো. আইন উদ্দিন মিয়া (৩৩), তার স্ত্রী আমেনা বেগম (২৬), মুনসুর আলী (১৯), মজিব আলী (১৯), জিয়াউর রহমান (১৯), রুসমত আলী (২৬), আলাউদ্দিন মিয়া (২১), সফুর মিয়া (৩০), মইনুল আলম (২১), মাসরুর রহমান (২০), আব্দুল হোসেন (২৫), সোহাগ আহমেদ (১৭), চেরাগ আলী (২৫), শাহ সাইদুজ্জামান (২৬), মো. আরকান আলী (২০), শাহ মাহবুব (১৯), নাইম হোসেন (২১), শিপন মিয়া (২০), দেলোয়ার হোসেন (২১), মো. জহির (২৫), হারুন মিয়া (৪০), খলিলুর রহমান (১৯) ও কুতুব মিয়া (৪০)।

তারা অভিযোগ করেছেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার সৈয়দ শাহজাহান আহমেদ পলাশ ও তার সহযোগীরা তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, তাদের সবাইকে বিমানবন্দরের কার্গো বিভাগের লেবার হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সবার কাছ থেকে ২০-৩৫ হাজার টাকা জামানত ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫-৭ হাজার টাকাসহ নানান অজুহাতে টাকা নিয়েছে প্রতারক চক্রটি। 

গতকাল তাদের বিমানবন্দরে কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে আসার পর প্রতারক চক্রটির কাউকে খুঁজে পাচ্ছিলেন না ভুক্তভোগীরা। তাদের মোবাইল ফোনও বন্ধ পান ভুক্তভোগীরা। এ ছাড়া বার্তা পাঠানোর অ্যাপ হোয়াটসঅ্যাপেও তাদের ব্লক করে দেন প্রতারক চক্রের সদস্যরা।

ভুক্তভোগীরা জানান, কিছু খাওয়া কিংবা গ্রামে চলে যাওয়ার মতোও ভাড়ার টাকাও নেই অনেকের কাছে। পরে বিকেলে তারা ঝুঁকি নিয়ে বিনা টিকিটে ট্রেনে করে গ্রামের উদ্দেশে রওনা হন।

ভুক্তভোগী নাইম হোসেন বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি। কিন্তু একটু ভালো থাকার আশায় বিমানবন্দরে কার্গোর লেবার হিসেবে চাকরি করার জন্য দালালের মাধ্যমে এসেছিলাম। বিমানবন্দরে আসার পরও শাহজাহান নামের ওই দালালের সঙ্গে কথা হইছে। পরে সে আসতেছি বলে সব জায়গায় ব্লক এবং ফোন বন্ধ করে দিয়ে আর আসে নাই।’

তিনি বলেন, ‘ওই দালাল আমাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা করে নিয়েছে। মেডিকেল পরীক্ষা, ভ্যাকসিন, ব্যাংক ড্রাফটের কথা বলে, ভ্যাকসিনের কার্ড বের করে দেওয়ার নানান অজুহাত দিয়ে আমাদের কাছ থেকে এসব টাকা নিয়েছে।’

আরেক ভুক্তভোগী আইন উদ্দিন মিয়া বলেন, ‘আমি বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হইছিলাম। তখন প্রতারক শাহজাহানের সঙ্গে আমার কমলগঞ্জ থানার সামনে পরিচয়। সে আমাকে ওই টাকা তুলে দেবে বলেছিল। পরে ওই দালালের সঙ্গে যোগাযোগ করে আমাকে গত মাসের ২৫ তারিখে টাকা তুলে দেওয়ার কথা বলেছিল।’

তিনি বলেন, ‘শাহজাহান আমাকে বলেছে, সে দীর্ঘদিন বিমানবন্দরে ঠিকাদারি করেছে। প্রতিবছর বিমানবন্দরে লেবার (শ্রমিক) দেয়। পরে চাকরি দেওয়ার কথা কইয়্যা আমাকে দিয়ে অনেক লোকজন জড়ো করেছে। একেকজনের কাছ থেকে ১০-৩০ হাজার টাকা নিয়েছে।’

ভুক্তভোগীদের পাওয়া টাকার বিষয়ে জানতে চাইলে আইন উদ্দিন বলেন, ‘উনি (শাহজাহান) যেহেতু প্রতারণা করে আমার ওপর গছাইয়্যা দিয়ে গেছে। আমাকেই দিতে অইব্যো। হয়তো বাড়িঘর বেইচ্যা আস্তে আস্তে দিতে অইব্যো, নয়তো এলাকায় বিচার সালিস বইব্যো। যা শাস্তি দিব, মাথা পেতে নিতে অইব্যো। তা ছাড়া কিছু করার নাই।’

জে.এস/

প্রতারিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250