শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

জেনেভা ক্যাম্পে যেভাবে জীবন কাটছে ৭০০ সিনেমার অভিনেতা ফকিরার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নায়ক–নায়িকার প্রেমকাহিনিতে উত্তেজনা বাড়াতে পর্দায় হাজির হতেন যিনি, সেই পরিচিত মুখ ইসমাইল হোসেন, যিনি সিনেমাপ্রেমীদের কাছে ফকিরা নামে পরিচিত। ফকিরা আজ বাস্তব জীবনে এক নির্মম গল্পের নায়ক।

বাংলা সিনেমার পর্দায় যিনি ৭০০টির বেশি ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন, যিনি রাজ্জাক–আলমগীর থেকে শুরু করে সালমান শাহ, রিয়াজ, মান্না ও শাকিব খান—সব প্রজন্মের নায়কদের সঙ্গী ছিলেন, সেই ফকিরা আজ প্রায় বাকশক্তিহীন।

৬৫ বছর বয়সী এই অভিনেতা তিনবার স্ট্রোক করার পর থেকে শয্যাশায়ী। এক বছর ধরে তিনি প্রায় কথা বলতে পারেন না। চোখ দিয়ে শুধু পানি ঝরে, মাঝেমধ্যে শিশুর মতো কিছু অস্পষ্ট আওয়াজ করেন। তবু মানুষের মুখ চিনতে পারেন। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সম্প্রতি ফকিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘ফকিরা ভাইকে দেখে মনটা ভেঙে গেল। একসময় যিনি মোটরসাইকেলে এফডিসিতে ঘুরে বেড়াতেন, তিনি এখন বিছানায় পড়ে আছেন। কথা বলতে পারছেন না। মিশা ভাইকে ভিডিওকলে চিনতে পেরেছেন, হাত নাড়িয়েছেন—এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি।’

একসময় রেস্তোরাঁ ব্যবসা ছেড়ে অভিনয়ে ঝুঁকে পড়েছিলেন ফকিরা। অভিনয়ের পাশাপাশি ফাইটার হিসেবেও তার সুনাম ছিল। তার সাদা মোটরসাইকেলটি একাধিক সিনেমায় ব্যবহার করেছিলেন সালমান শাহ—এমন কথাও সিনেমাপ্রেমীদের মধ্যে প্রচলিত। সেই ব্যস্ত অভিনেতা করোনার পর থেকেই সিনেমা থেকে একেবারে দূরে সরে যান। মূলত সেই সময় থেকে অসহায় জীবনযাপন করছেন তিনি।

ফকিরার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। চিকিৎসা ও সংসারের খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। চিকিৎসার জন্য ঢাকার একাধিক হাসপাতালে তাকে নেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি উন্নতি হয়নি।

চলচ্চিত্র শিল্পী সমিতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে বলে জানালেন সনি রহমান। তিনি বলেন, ‘সমিতির সর্বশেষ সভায় ফকিরা ভাইয়ের চিকিৎসা ও আর্থিক সহযোগিতা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি তাঁর পাশে দাঁড়াতে।’

খবরটি শুধু একজন অভিনেতার গল্প নয়, এটি এক প্রজন্মের স্মৃতির গল্প। যিনি দর্শকের জন্য খলনায়ক হয়েছিলেন, আজ তিনি জীবনযুদ্ধে অসহায় নায়ক হয়ে লড়ছেন। এখন দরকার তার পাশে দাঁড়ানোর মতো হাত, যাতে তিনি অন্তত চিকিৎসা চালিয়ে যেতে পারেন।

অভিনেতা ফকিরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250