ছবি: সংগৃহীত
বলিউডে যেন ফের বাজতে শুরু করেছে নস্টালজিয়ার ঢাক! ‘কিং’ সিনেমায় ‘ডন’ অবতারে শাহরুখ খানের প্রত্যাবর্তনের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই বি-টাউন চমকে দিল আরেক বিস্ফোরক খবর। দুই দশক আগে যে ছবিটি দর্শকের হৃদয়ে দেশপ্রেম, প্রেম আর বিনোদনের অনন্য মেলবন্ধন তৈরি করেছিল—সেই ‘ম্যায় হু না’ ফিরছে নতুন রূপে। হ্যাঁ, প্রায় ২০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও হিটমেকার পরিচালক ফারাহ খান।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমায় ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে- শাহরুখের ডাবল রোল। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ১২ বছর পর ফের এক হতে চলেছেন শাহরুখ-ফারাহ জুটি। এর আগে ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’-এর মতো কালজয়ী সব সিনেমা উপহার দিয়েছেন তারা।
ফারাহ খান অনেকদিন ধরেই ‘ম্যায় হু না ২’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। চিত্রনাট্যের কাজ শেষ হতেই তিনি বাদশাহর সঙ্গে আলোচনা করেন এবং কিং খানও চিত্রনাট্যটি বেশ পছন্দ করেছেন। এই ছবিতে শাহরুখের জন্য দুটি ভিন্ন ধরনের চরিত্র তৈরি করেছেন ফারাহ।
যদিও চরিত্র দুটি দেখতে একই রকম হবে, কিন্তু তাদের ব্যক্তিত্বে থাকবে আকাশ-পাতাল পার্থক্য। এই ভিন্নধর্মী ডাবল রোলের কারণেই মূলত শাহরুখ প্রজেক্টটি করতে রাজি হয়েছেন।
প্রথম কিস্তিতে রাম প্রসাদ শর্মা যেভাবে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে শান্তি মিশন সম্পন্ন করেছিলেন, দ্বিতীয় কিস্তিতেও সেই দেশপ্রেমের রেশ বজায় থাকছে। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সামনে যে সমস্ত চ্যালঞ্জ রয়েছে, তা উঠে আসবে গল্পের পরতে পরতে।
ভরপুর অ্যাকশন, কমেডি আর ড্রামার পাশাপাশি প্রথম পর্বের শিল্পী সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও এবং জায়েদ খানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে শাহরুখ ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। মে মাসের মধ্যে শুটিং শেষ করে তিনি ছবির প্রচারণায় মনোনিবেশ করবেন। এরপরই ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রিডিং সেশনে বসবেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে কিং-এর মুক্তির পরপরই শুরু হবে এই মেগা প্রজেক্টের কাজ। এক দশকেরও বেশি সময় পর ফারাহ-শাহরুখ জুটির কামব্যাক এবং পর্দার সেই চেনা চরিত্রদের ফিরে পাওয়া ভক্তদের কাছে হবে বড় এক ঈদ বা দিওয়ালি উপহারের মতো। এখন কেবল অফিশিয়াল ঘোষণার অপেক্ষা।
জে.এস/
খবরটি শেয়ার করুন