ছবি: ভিডিও থেকে নেওয়া
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর উপস্থিতিতে আয়োজিত এক সভায় দর্শকদের একটি অংশ দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ভিডিওটি সুখবর ডটকমের এই প্রতিবেদকের নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাপা মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মঞ্চে দাঁড়িয়ে আছেন। মঞ্চে জাতীয় পার্টির আরও কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মঞ্চের সামনে পাঁচ শতাধিক দর্শক দাঁড়িয়ে ছিলেন।
তিনি বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যাওয়ার সময় দর্শকদের একটি অংশ ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’ স্লোগান দিতে থাকেন। এ সময় অনেকে হাত উঁচিয়ে নাচানাচি করেন, কেউ কেউ শিশুকে কাঁধে তুলে নেন।
ভিডিওতে দেখা যায়, শামীম হায়দার পাটোয়ারী এদিক-ওদিক তাকাচ্ছিলেন। এ সময় মঞ্চ থেকে বারবার মাইকে দর্শকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হলেও স্লোগান চলতে থাকে। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে কিছু সময়ের জন্য সভাস্থল মুখর হয়ে ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন এলাকার। সম্প্রতি রামজীবন ইউনিয়নে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ওই অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
জাতীয় পার্টির প্রার্থীর উপস্থিতিতে অন্য প্রতীকের স্লোগান স্থানীয় রাজনীতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন স্থানীয় কয়েকজন।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজক কমিটির একজন মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, সেদিন ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শামীম হায়দার পাটোয়ারীকে প্রধান অতিথি করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ কয়েকজন দর্শক দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিতে শুরু করেন। এতে সাময়িকভাবে অনুষ্ঠান ব্যাহত হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এনামুল হক মন্টু বলেন, গত বুধবার বিকেলে ফুটবল ফাইনালে জাতীয় পার্টির মহাসচিব মঞ্চে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি পক্ষের সুপরিকল্পিত অপচেষ্টা। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মনে করেন।
খবরটি শেয়ার করুন