শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনন্য বৈশিষ্ট্য হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্থান। শুরু থেকেই তিনি বিএনপি চেয়ারপারসনের উত্তরাধিকারী হিসেবে বিবেচিত ছিলেন। কিন্তু, তারপরও তার উত্থান সত্যিই বিস্ময়কর। তিনি দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেছেন; মা কারাবন্দি থাকার সময়টায় দলকে সচল রেখেছেন আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। তার এই প্রচেষ্টা একটি রাজনৈতিক দলের প্রেরণা ও শৃঙ্খলা ধরে রাখার সক্ষমতার প্রমাণ দেয়।

তিনি বলেন, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ জেলা ও উপজেলা পর্যায়ের তরুণ বিএনপি কর্মীদের কাছে ছিল গর্বের বিষয়। আওয়ামী লীগের পক্ষ থেকে দলটি ভাঙার বা গুরুত্বপূর্ণ নেতাদের নিজেদের দিকে টানার বহু চেষ্টা নস্যাৎ হয়ে গেছে তারেক রহমানের সরাসরি যোগাযোগ ও প্রভাবক ক্ষমতার কারণে।

তার মতে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে ১৫ বছরের প্রত্যক্ষ অনুপস্থিতি অনেক বড় বিষয়। সেইসঙ্গে এই সময়কালে আওয়ামী লীগ সরকারের লাগাতার দমন-পীড়নের মধ্যেও বিএনপিকে মোটামুটি অক্ষুণ্ণ রাখা তারেক রহমানের সাংগঠনিক দক্ষতার সাক্ষ্য দেয়।

'পলিটিশিয়ানস মাস্ট বি ওপেন টু একসেপ্টিং ইলেকটোরাল ডিফিটস' শিরোনামে ডেইলি স্টারে লেখা এক উপসম্পাদকীয়তে মাহফুজ আনাম এসব কথা বলেন। তার লেখাটি আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) পত্রিকাটির ছাপা সংস্করণে প্রকাশিত হয়েছে।

উপসম্পাদকীয়তে মাহফুজ আনাম লেখেন, অনেকে মনে করেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরও বাংলাদেশে ফিরতে তারেক রহমান অনেক বেশি দেরি করেছেন। তিনি যদি আরও আগে ফিরতেন, বিএনপি আরও বেশি শক্তিশালী হতো। কিন্তু, দেরিতে ফিরলেও তার প্রত্যাবর্তন দলকে গতি দিয়েছে, কর্মীদের উজ্জীবিত করেছে এবং আত্মবিশ্বাসের যে ঘাটতি ছিল, তা পূরণ করেছে।

তিনি বলেন, জনগণের উষ্ণ আমন্ত্রণ ও তারেক রহমানের প্রতিটি জনসমাবেশে বিশাল জনসমাগমের মাধ্যমে প্রকাশ পাওয়া সমর্থন তাকে বাংলাদেশের বর্তমান নির্বাচনী রাজনীতির এক কেন্দ্রীয় চরিত্রে পরিণত করেছে।

তিনি বলেন, এখন পর্যন্ত তারেক রহমান নিজের পরিমিতিবোধের পরিচয় দিয়ে যাচ্ছেন। তার বক্তৃতাগুলো সংযত ও ভবিষ্যতমুখী। এত এত বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতার ভিড়ে তারেক রহমান বলে যাচ্ছেন ক্ষমতায় এলে কী করতে চান। এখানেই অন্যদের সঙ্গে নিজের পার্থক্য স্পষ্ট করেছেন তিনি। দলকে নির্বাচনী প্রচারণার জন্য কতটা কার্যকরভাবে সংগঠিত করতে পেরেছেন তিনি, তা ভোটের পর স্পষ্ট হবে।

মাহফুজ আনাম বলেন, তবে এখন পর্যন্ত তিনি তার প্রয়াত মায়ের জায়গা সফলভাবে পূরণ করেছেন। তার মা বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ও সম্মানের সবচেয়ে বড় প্রমাণ দেখা গেছে তার জানাজায়। মানুষের সেই সহানুভূতি উত্তরাধিকারসূত্রে পাওয়ার সম্ভাবনাও তারেক রহমানের রয়েছে।

তারেক রহমান মাহফুজ আনাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250