বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, ২৫ সেকেন্ডে ২০ থাপ্পড়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি: এক্স থেকে নেওয়া

সোনার দোকানে বসে ছিলেন বিক্রেতা। ক্রেতা সেজে ঢোকেন একজন নারী। মুখ ওড়নায় ঢাকা। আচরণ বেশ স্বাভাবিক। দোকানে দাঁড়িয়ে বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন তিনি। সবই ঠিক ছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি পুরো বদলে যায়।

হঠাৎ ওই নারী দোকানির মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। উদ্দেশ্য, দোকানে থাকা স্বর্ণালংকার চুরি করা। কিন্তু মরিচের গুঁড়া দোকানির চোখে লাগেনি। মুহূর্তে বিপদ বুঝে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। এরপর দ্রুত পাল্টা আঘাত করেন ওই নারীকে। মাত্র ২৫ সেকেন্ডে মারেন ২০টি চড়।

একপর্যায়ে চুরি করতে আসা ওই নারী দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিক্রেতা চড় মারতে মারতে তাকে টেনে দোকান থেকে বের করে আনেন। পরে নারী পালিয়ে যান। খবর এনডিটিভির।

ঘটনাটি ঘটেছে ৩রা নভেম্বর ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। পুরো দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই দোকানদার কোনো অভিযোগ করতে রাজি হননি। তবু সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নারীকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

স্থানীয় রানিপ থানার পরিদর্শক কেতন ব্যাস বলেন, ‘দোকানি অভিযোগ দায়ের করতে চাচ্ছেন না; কিন্তু সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি।’

এদিকে আহমেদাবাদ পুলিশ গত বৃহস্পতিবার (৬ই নভেম্বর) এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তাদের পক্ষ থেকে দুবার দোকানির সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। কিন্তু তিনি রাজি হননি। তাই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত করছে।

জে.এস/

চুরির চেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250