শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদেও পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে। এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীর উচ্চপদে এটি দ্বিতীয় দফা রদবদল। খবর ডেইলি স্টারের।

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। এনডিসিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। তিনি এর আগে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনা সদর দপ্তরের নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট করা হয়েছে।

এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এদিকে, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার সাবেক প্রধান মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগাউসুর রহমান খান নিয়মিত অবসরে গেছেন।

এর আগে ২২শে ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়। এর মধ্যে ছিল চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক পদ। একই দিনে যশোরের ৫৫ পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনেও নতুন জিওসি নিয়োগ দেওয়া হয়।

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250