ছবি: সংগৃহীত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে তিন দিনও নেই। এখন আলোচনা হওয়ার কথা টুর্নামেন্টের দল আর খেলোয়াড় নিয়ে। সেখানে বেশি আলোচনা মাঠের বাইরের ইস্যু নিয়ে। এ রকম চিত্র আগে কখনো দেখা যায়নি আইসিসির কোনো ইভেন্টে। বাংলাদেশ-ভারত-পাকিস্তানের ইস্যু নিয়ে ভজকট এক পরিস্থিতি তৈরি হয়েছে।
নিরাপত্তার ইস্যুতে নিজেদের চাওয়া পূরণ না হওয়ায় বিশ্বকাপ থেকে বাংলাদেশ নিজেদের সরিয়ে নিয়েছে। বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় সংকট আরও গভীর হয়েছে। শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে পাকিস্তানকে বোঝাতে আর বিষয়টি সমঝোতা করতে সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি ইমরান খাজার শরণাপন্ন হয়েছে আইসিসি, যিনি জয় শাহর বেশ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে ১৫ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে পাকিস্তান যেন খেলে, সেই অনুরোধ ইমরানকে দিয়ে পাকিস্তানকে করাতে চাচ্ছেন জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি। এ নিয়ে গত কদিনে অনেক দেন দরবার হচ্ছে।
একাধিক অনানুষ্ঠানিক সভাও হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে। সে সব সভায় কখনো কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) থাকছে। সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড়। তারা কোনোভাবেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসছে না।
১৫ই ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন হতে পারে, তবে সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের কিছু শর্তের কথাও আসছে নানা মাধ্যমে। পাকিস্তান চাইছে, হাতে থাকা ৩ দিনের মধ্যে বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপে ফেরায় এবং তাদের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় খেলতে দেয়, তাহলে মুহূর্তেই বর্তমান জটিলতা কেটে যাবে। যদি এ মুহূর্তে বাংলাদেশকে ফেরানো সম্ভব না হয়, তাহলে আইসিসিকে বাংলাদেশের জনগণের উদ্দেশে ক্ষমা চেয়ে বা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। বিসিবির চাওয়া, আইসিসির দায়িত্বশীল কেউ ঢাকায় এসে এই বিবৃতি দেবে।
৭ই ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে বিভিন্ন দল টুর্নামেন্ট অংশ নিতে আয়োজক দুই দেশে পৌঁছেছে। অন্য সময় টুর্নামেন্টের আগে যেমন রোমাঞ্চ, উন্মাদনা দেখা যায়, এবার যেন মাঠের বাইরের ইস্যুতে সব রং ফিকে হয়ে গেছে!
মোস্তাফিজুর রহমানকে গত ৩রা জানুয়ারি আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরের দিনই (৪ঠা জানুয়ারি) ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। টানা ২১ দিন নানা আলাপ-আলোচনার পর বিসিবি-আইসিসি যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না।
২৪শে জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করেছে আইসিসি। এর পরপরই পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে আলোচনা জোরালো হয়ে ওঠে। সমাধানে আইসিসির এক জরুরি বোর্ড সভা হওয়ার কথা দ্রুতই। আর বোর্ড সভায় আলোচনা ফলপ্রসূ করতেই পাকিস্তানের সঙ্গে সমঝোতা করতে সিঙ্গাপুরের ইমরান খাজার শরণ নিয়েছেন আইসিসির নীতিনির্ধারকেরা।
ইমরান খাজা ২০১৭ থেকে আইসিসির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন। যার মধ্যে ২০২০ সালের জুলাই থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
খবরটি শেয়ার করুন