মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

জেফরি এপস্টেইনের অতীত সম্পর্কে যথাযথ খোঁজখবর না নিয়ে ‘অসতর্কভাবে’ তার সঙ্গে সম্পর্ক গড়ে নোয়াম চমস্কি ও তার স্ত্রী ভ্যালেরিয়া ‘গুরুতর ভুল’ করেছেন। গত শনিবার এক দীর্ঘ বিবৃতিতে এ ভুলের জন্য ভ্যালেরিয়া দুঃখ প্রকাশ করে আরও বলেন, এপস্টেইন তাদের সঙ্গে প্রতারণা করেছিলেন। খবর দ্য গার্ডিয়ানের।

মার্কিন বিচার বিভাগ দেশটির কুখ্যাত যৌন নিপীড়নকারী জেফরি এপস্টেইনের মামলা–সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করলে মার্কিন ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোয়াম চমস্কির সঙ্গে তার বন্ধুত্বের বিষয়টি সামনে আসে। এরপরই ৯৭ বছর বয়সী নোয়াম চমস্কি তীব্র সমালোচনার মুখে পড়েন।

নথিতে দেখা যায়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চমস্কির কাছে কিছু ই-মেইল পাঠিয়েছিলেন এপস্টেইন। ওই সব ই-মেইলে চমস্কির কাছে পরামর্শ চেয়ে এপস্টেইন লেখেন, তিনি কি তাকে (এপস্টেইন) নিয়ে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় ‘আত্মরক্ষামূলক’ কিছু করবেন, নাকি বিষয়টি ‘উপেক্ষার’ চেষ্টা করবেন।

উত্তরে নোয়াম চমস্কি লেখেন, ‘সংবাদমাধ্যমে ও জনসমক্ষে আপনার সঙ্গে যে ভয়াবহ আচরণ করা হচ্ছে, তা আমি দেখছি। এটা কষ্টদায়ক। বলতে খারাপ লাগছে, তবে আমার মনে হয়, সামনে এগোনোর সবচেয়ে ভালো উপায় হলো এটাকে উপেক্ষা করা।’

বার্তাটির শেষে ‘নোয়াম’ সই করা ছিল। এপস্টেইন পরে নিজের এক সহযোগীর কাছে পাঠানো ই–মেইলে নোয়াম চমস্কির বার্তা শেয়ার করেন।

বার্তায় নোয়াম চমস্কি আরও লেখেন, ‘শকুনেরা আসলে মরিয়া হয়ে জনসমক্ষে একটা প্রতিক্রিয়া চায়। কারণ, সেটি হলেই তারা বিষাক্ত আক্রমণ চালানোর সুযোগ পাবে। এদের অনেকে কেবল প্রচার চাইছে বা তারা উন্মাদ।’

ই-মেইলে আরও বলা হয়, ‘নারীদের ওপর নির্যাতন নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তা বিশেষভাবে সত্যি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো অভিযোগ নিয়ে প্রশ্ন তোলাকে হত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে।’

শিশু যৌন নিপীড়নের একটি অভিযোগ ওঠার পর ২০০৮ সালে নিজের দোষ স্বীকার করে নেন এপস্টেইন। তারপরও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ছিল—এমন কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মধ্যে নোয়াম চমস্কি একজন।

২০১৮ সালে মায়ামি হেরাল্ড এপস্টেইনকে নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছিল। অনুসন্ধানী ওই প্রতিবেদনে এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপটির কথা উল্লেখ ছিল, যেখানে তিনি বহু অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন করেছিলেন। ২০০৮ সালে দোষ স্বীকার করার পর এপস্টিনকে খুবই কম সাজা দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শনিবার ভ্যালেরিয়া চমস্কি স্বীকার করেন, তারা প্রতিবেদনটি পড়েছিলেন। কিন্তু এপস্টেইনের অপরাধের পরিমাণ সম্পর্কে পূর্ণ ধারণা করতে পারেননি। ২০১৯ সালের জুলাই মাসে এপস্টেইন দ্বিতীয়বার গ্রেপ্তার হলে তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন।

ভ্যালেরিয়া বলেন, ‘আমরা তার পটভূমি সম্পূর্ণভাবে খতিয়ে দেখার ক্ষেত্রে অসতর্ক ছিলাম। এটি একটি গুরুতর ভুল এবং সেই বিচক্ষণতার অভাবের জন্য আমি আমাদের উভয়ের পক্ষ থেকে ক্ষমা চাইছি। স্ট্রোকের (২০২৩) আগে নোয়ামও আমার সঙ্গে একই অনুভূতি ভাগ করে নিয়েছিলেন।’

ভ্যালেরিয়া আরও বলেন, ‘যখন আমরা বুঝতে পারি, আমরা এমন একজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম, যিনি উপকারী বন্ধুর ভান করেছিলেন। কিন্তু গোপনে অপরাধমূলক, অমানবিক ও বিকৃত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আমাদের দুজনের জন্যই এটি গভীর মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

২০১৯ সালে এপস্টিনের ভাবমূর্তি পুনরুদ্ধার বিষয়ে নোয়াম চমস্কি যে পরামর্শ দিয়েছেন, সেটিকে প্রসঙ্গ অনুযায়ী বিবেচনা করা উচিত বলেও মনে করেন ভ্যালেরিয়া।

চমস্কির স্ত্রী বলেন, নোয়ামের কাছে এপস্টেইন দাবি করেছিলেন, তাকে (এপস্টেইন) অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে। নোয়াম নিজের রাজনৈতিক বিতর্ক ও সংবাদমাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন।

নোয়াম চমস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250