বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

দুই মাস ভাটার পরও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টানা দুই মাস ভাটার পরও দেশের রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। জুলাইয়ে রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধির কল্যাণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক বা তিন মাস মিলিয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৩৬২ কোটি ৭৬ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই আয় ছিল প্রায় ৩৮০ কোটি ২৯ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রপ্তানি আয় প্রায় ১৭ কোটি ৫৩ লাখ ডলার বা ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে।

তবে একক মাসে রপ্তানি আয় কমলেও সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আয় বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে মোট রপ্তানি হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৩৯ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৫ কোটি ৭৬ লাখ ডলার বেশি।

রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে তৈরি পোশাক খাত। সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ২৮৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ দশমিক ৬৬ শতাংশ কম।

তবে তিন মাসের হিসাবে পোশাক খাতের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ কোটি ৪ লাখ ডলারে, যা গত বছর একই সময়ে ছিল ৯৫১ কোটি ৪৫ লাখ ডলার।

অন্য খাতগুলোর চিত্রও মিশ্র। সামগ্রিক রপ্তানি কমেছে—কৃষিপণ্যে ২ দশমিক ৩৭ শতাংশ; পাট ও পাটজাত পণ্যে ১ দশমিক ০৪ শতাংশ এবং গৃহস্থালির পণ্যে শূন্য দশমিক ৫৪ শতাংশ।

উল্টো প্রবণতা দেখা গেছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস ও ইঞ্জিনিয়ারিং পণ্যে। এগুলোতে যথাক্রমে ৫৭ দশমিক ৫০ ও ৩৬ দশমিক ৪৩ শতাংশ এবং চামড়া ও চামড়াজাত পণ্যে ৩ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে দেশের রপ্তানি আয় ১০ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। আগস্ট মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে, যা ২০২৪ সালের আগস্টে অর্জিত ৪ দশমিক ০৩ বিলিয়ন ডলারের চেয়ে সামান্য অর্থাৎ ২ দশমিক ৯৩ শতাংশ কম।

জে.এস/

রপ্তানি আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250