ছবি: সংগৃহীত
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চতুর্দশ লিও। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও যেকোনো ধরনের যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন।
ইতোমধ্যে বেশ কয়েকবার তিনি গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধাচরণ করেছেন এবং টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন মতে, রোববার প্রথম মার্কিন পোপ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে চলমান সংঘাতের প্রতি নিন্দা জানিয়েছেন। পোপ চতুর্দশ লিও হুঁশিয়ারি দেন, ‘যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না।’
‘আমরা ঈশ্বরকে নিয়ে কথা বলছি। তিনি সেই ঈশ্বর, যিনি যুদ্ধের বিরুদ্ধাচরণ করেন। যারা যুদ্ধ শুরু করে, তাদের প্রার্থনায় তিনি সাড়া দেন না’
পবিত্র ইস্টারের ঠিক আগের রোববারে ‘পাম সানডে’ দিনের উপাসনা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ রোববার থেকে পরবর্তী রোববার (ইস্টার) পর্যন্ত সময়টাকে ‘পবিত্র সপ্তাহ’ আখ্যা দেয় খ্রিস্টানরা।
অ্যাঞ্জেলাস প্রার্থনার পর তিনি বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের জন্য প্রার্থনা করেছি। তারা একটি ভয়াবহ সংঘাতের পরিণাম ভোগ করছে এবং অনেক ক্ষেত্রে এই পবিত্র দিনগুলোর সব রীতি পালন করতে পারছে না।’
এ সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চালুর আহ্বান জানান পোপ। তিনি দাবি করেন, এই যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধে জড়ানো সকল পক্ষকে আলোচনার টেবিলে বসার অনুরোধ করেন পোপ।
গাজায় ইসরায়েলের হামলা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ভূমিকায় দেখা গেছে পোপকে।
খবরটি শেয়ার করুন