বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে আওয়ামী লীগের নির্বাচনী গান, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ফলে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

এমন পরিস্থিতিতে এবার রাজধানীর শাহবাগে দাঁড়িয়ে আওয়ামী লীগের নির্বাচনী গান বাজালেন এক নারী। আজ রোববার (১৬ই নভেম্বর) দুপুরে একটি হ্যান্ড মাইকে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ গানটি বাজাতে দেখা যায় ওই নারীকে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার বিচারের প্রতিবাদ জানিয়ে এ গান বাজিয়েছেন বলে গণমাধ্যমকে জানান ওই নারী। এ নিয়ে নানামুখী আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামীকাল সোমবার (১৭ই নভেম্বর)।

গত ১৩ই নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী।

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250