বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

অমর একুশে বইমেলা পেছাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৬ পেছাচ্ছে না। আগামী ২০শে ফেব্রুয়ারি থেকেই মেলা শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এটি জানিয়েছে বাংলা একাডেমি।

একাডেমির ভাষ্য, বইমেলা আয়োজনের ৬০ ভাগ কাজ সম্পন্ন। তা ছাড়া এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয়।

বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু না করে ঈদের পরে করার জন্য আবেদন করেছিলেন বেশ কিছু প্রকাশক। গত ২রা ফেব্রুয়ারি তারা জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। এরপরেই বাংলা একাডেমি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা মূল বক্তব্য উপস্থাপন করেন।

তিনি বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা ১লা ফেব্রুয়ারি থেকে শুরু করা সম্ভব হয়নি। বইমেলা শুরু হচ্ছে ২০শে ফেব্রুয়ারি থেকে। এই লক্ষ্যে ইতিমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

সেলিম রেজা জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া শতকরা ২৫ ভাগ কমানো হয়েছে। যদিও বইমেলা আয়োজনের সার্বিক ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বইমেলা সংক্রান্ত সব আয়োজন সম্পন্ন হয়েছে। বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাওয়া গেছে। স্টল নির্মাণ কার্যক্রম চলছে। বইমেলার আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের চিঠিও দেওয়া হয়েছে।

ঈদের পরে বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয় জানিয়ে সেলিম রেজা বলেন, ‘বইমেলার আয়োজনের কাজ যখন ৬০ ভাগ সম্পন্ন, তখন কিছু প্রকাশক ঈদের পরে বইমেলা আয়োজন করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। আমরা প্রকাশকদের বক্তব্য শুনেছি। তাদেরও বলা হয়েছে কেন ঈদের পর বইমেলা আয়োজন করা কঠিন। তখন এপ্রিল মাস এসে যাবে। এপ্রিল মাসে প্রচণ্ড তাপদাহ থাকে। ধুলোবালির উপদ্রব বাড়ে। কালবৈশাখীসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকে। এই সময় মাসব্যাপী বইমেলার আয়োজন করা বাস্তবসম্মত নয়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী ২০শে ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। ভিন্নমত প্রকাশকারী প্রকাশকদের চ্যালেঞ্জ থাকলেও বইমেলায় অংশ নিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250