ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আগামীকাল মঙ্গলবার ম্যানচেস্টার সিটিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত কিলিয়ান এমবাপ্পে।
গত সপ্তাহে মাদ্রিদে প্রথম লেগের ম্যাচে রিয়াল ৩-০ গোলে জিতলেও হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি এমবাপ্পে। তবে এই মৌসুমে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা এই ফরাসি ফরোয়ার্ড ইতিহাদ স্টেডিয়ামে নামার জন্য পুরোপুরি তৈরি।
রিয়াল কোচ আলভারো আরবেলোয়া আজ সোমবার বলেন, 'এমবাপ্পে খেলার জন্য প্রস্তুত। তাকে আবারও মাঠে গোল করতে দেখার জন্য আমি মুখিয়ে আছি। দলের জন্য সে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে।'
এদিকে হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম দলের সাথে ম্যানচেস্টারে গেলেও এই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। আরবেলোয়া জানান, বেলিংহাম সতীর্থদের পাশে থাকতে চেয়েছেন এবং ড্রেসিংরুমে বরাবরের মতোই নেতার ভূমিকা পালন করবেন।
রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার মনে করেন, ম্যান সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডকে আটকে রাখাই হবে জয়ের মূল চাবিকাঠি। রুডিগার বলেন, 'হালান্ডের মতো বিশ্বমানের স্ট্রাইকারের সাথে শারীরিক লড়াই আমি পছন্দ করি। আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'
প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থাকায় টানা তৃতীয়বারের মতো ম্যান সিটিকে বিদায় করার বড় সুযোগ রয়েছে রিয়ালের সামনে।
জে.এস/
খবরটি শেয়ার করুন