ছবি: সংগৃহীত
পাকিস্তান দলে ছয়জন নতুন খেলোয়াড়। তাদের নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। সিরিজ শুরুর আগে তা অনেকটাই নিরসন করলেন অধিনায়ক শাহিন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন ক্রিকেটারের অভিষেক হচ্ছে, নিশ্চিত করেছেন তিনি।
আজ অভিষেক হচ্ছে ওপেনার সাহিবজাদা ফারহানের। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পাশাপাশি পাকিস্তানের লিস্ট ‘এ’ ক্রিকেটেও ধারাবাহিক রান করায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। ইনিংসের শুরুতে তার সঙ্গী হবেন অলরাউন্ডার মাজ সাদাকাত। তিন নম্বরে ব্যাট করবেন আরেক নবাগত শামিল হুসাইন।
বাংলাদেশ সফরের পাকিস্তান দলে ছয়জন ক্রিকেটার আছেন, যারা ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। প্রথম ম্যাচে তাদের মধ্যে কজন সুযোগ পাবেন, এ নিয়ে আগ্রহ ছিল অনেকের।
কাল সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘নতুনদের সুযোগ দেওয়া দলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তারা যেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারে, এটাই দলের প্রত্যাশা। শুধু এই সিরিজেই নয়, ভবিষ্যতেও তাদের পাকিস্তানের জার্সিতে দেখতে চায় দল।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে শাহিন বলেন, ‘অবশ্যই বাংলাদেশ শক্তিশালী। যে কোনো দলই নিজেদের ঘরের মাঠে শক্তিশালী হয়। বাংলাদেশও ভালো দল। তারা ঘরের মাঠে ভালো ক্রিকেট খেলে। তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। আমরা প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে শেষ দুটি ওয়ানডে সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
জে.এস/
খবরটি শেয়ার করুন