বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

প্রেমিকার সঙ্গে দেখা করাই কাল হয় মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

‘এল মেনচো’ নামেই পরিচিতি পেয়েছিলেন মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস। স্থানীয় সময় গত রোববার (২২শে ফেব্রুয়ারি) সেনাবাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। খবর বিবিসির।

এর আগে মেনচোর অবস্থানের কথা সেনারা জেনে গিয়েছিল তার প্রেমের সূত্র ধরে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়াই মেনচোর অবস্থান ফাঁস হয়ে যাওয়ার প্রধান কারণ।

এল মেনচো ছিলেন কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) প্রধান। এই কার্টেলকে মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধচক্র হিসেবে বিবেচনা করা হয়। মেনচোকে গ্রেপ্তারের জন্য তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল ম্যাক্সিকান কর্তৃপক্ষ।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের তাপালপা এলাকার একটি বনভূমিতে বিশেষ বাহিনীর ওই অভিযান পরিচালিত হয়। মেনচোর প্রেমিকার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে তথ্য পাওয়ার পর দ্রুত এই অভিযানের পরিকল্পনা করা হয়।

তবে অভিযানের সময় সেনারা প্রবল প্রতিরোধের মুখে পড়ে। মেনচোর নিরাপত্তারক্ষীরা তাদের দিকে গুলি চালালে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে মেনচো ও তার দুই দেহরক্ষী আহত হন। পরে তিনজনকেই হেলিকপ্টারে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হচ্ছিল। কিন্তু পথে তারা তিনজনই মারা যান বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সহিংসতা শুরু হয়। তার নেতৃত্ব দেওয়া কার্টেল সদস্যরা বিভিন্ন সড়কে আগুন ধরিয়ে দেয়, গাড়ি পোড়ায় এবং রাস্তা অবরোধ করে। এসব ঘটনায় মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৩০ কার্টেল সদস্যও নিহত হয় এবং সাতটি রাজ্যে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানান, অভিযানে যুক্তরাষ্ট্রের সেনারা সরাসরি অংশ নেয়নি, তবে তথ্য আদান-প্রদান হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং সরকারের প্রধান লক্ষ্য শান্তি নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এল মেনচোর মৃত্যু সিজেএনজি কার্টেলের জন্য বড় ধাক্কা। তবে তার অনুপস্থিতিতে কার্টেল ভেঙে পড়বে, নাকি আরও সহিংস হয়ে উঠবে—সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

জে.এস/

মাদক সম্রাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250