বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর ঢাকা হয়ে কলকাতা–আগরতলা আন্তর্জাতিক বাস সার্ভিস আবারও চালু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) প্রথম বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছায়।

একই দিনে আরও একটি বাস আগরতলা থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উদ্দেশে রওনা দেয়।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে গত দেড় বছর ধরে এই আন্তর্জাতিক বাস পরিষেবা স্থগিত ছিল। এর ফলে ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয় এবং যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। পরিস্থিতির উন্নতি হওয়ায় সংশ্লিষ্ট অপারেটররা পুনরায় বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, প্রথম বাসটি আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে পৌঁছালে যাত্রীদের স্বাগত জানান ত্রিপুরা রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, উন্নয়ন কখনোই বন্ধুত্ব ছাড়া সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমেই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন—বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক গভীরতর হয়, এটি এক অস্বীকার্য বাস্তবতা। আগরতলা–ঢাকা–কলকাতা এবং কলকাতা–ঢাকা–আগরতলা বাস সার্ভিস দুই দেশের বন্ধুত্বের একটি বড় উদাহরণ। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের গুরুত্ব বিবেচনায় রেখে এই পরিষেবা আবারও চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বলেন—বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক এই বাস পরিষেবা ১৮ মাস বন্ধ ছিল। মঙ্গলবার কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলায় প্রায় ২০ জন যাত্রী নিয়ে একটি বাস পৌঁছেছে। একই দিনে তুলনামূলক কম যাত্রী নিয়ে আরেকটি বাস ঢাকা হয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে গেছে।

সমর রায় আশা প্রকাশ করেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়বে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিষেবা চালুর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

কলকাতা–আগরতলা রুটটি বাংলাদেশের ওপর দিয়ে গেলে ভৌগোলিক দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং যাত্রীরা কম সময় ও খরচে গন্তব্যে পৌঁছাতে পারেন। ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলোর মানুষের জন্য আন্তর্জাতিক এই বাস সার্ভিস বিশেষ গুরুত্ব বহন করে।

কলকাতা-আগরতলা বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250