ছবি: সংগৃহীত
চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে পরিচিতি সভায় তিনি এমন মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।’
‘সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা। আসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎ—এই জায়গায় আমি দেখতে চাই না,’ বলেন আইনমন্ত্রী।
বিচারকদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ।’
খবরটি শেয়ার করুন