বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ঘুষ নিয়ে ব্যাগে রাখছেন নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। ছবি: ভিডিও থেকে নেওয়া

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান আজ রোববার (১লা ফেব্রুয়ারি) দুপুরে সুখবর ডটকমকে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা ব্যাগে রাখছেন সেলিনা পারভীন। ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ করে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’

ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, ভূমি-সংক্রান্ত সেবা পেতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ হয়রানি ও নানা অনিয়মের শিকার হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। ঘুষ গ্রহণের সরাসরি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী মুঠোফোনে সুখবর ডটকমকে জানান, ২০ শতাংশ জমির নামজারি (খারিজ) করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা তার কাছে ৮ হাজার টাকা দাবি করেন। অথচ সরকারি ফি মাত্র ১ হাজার ৭০ টাকা। অতিরিক্ত টাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, ওপরে দিতেও খরচ আছে।’ টাকা দিলে কাজ ‘সুন্দর করে’ করে দেওয়া হয় বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে সেলিনা পারভীনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। রোববার সকালে তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।’

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250