মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না; তবে এতে চোরা শিকারের মাধ্যমে সংগ্রহ করা শিং বিশ্বজুড়ে পাচার হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষ সহজে শনাক্ত করতে পারবে। খবর এপি ও বিবিসির।

বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি গন্ডার রয়েছে দক্ষিণ আফ্রিকায় এবং প্রতিবছর সেখানে শত শত গন্ডার চোরা শিকারিদের হাতে প্রাণ হারায়।

তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে এ ধরনের শিকার রুখে দেওয়ার প্রকল্পটির নাম ‘রাইজোটোপ প্রজেক্ট’। এতে খরচ হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটির বেশি টাকা)। এটি বাস্তবায়নে গবেষণা এবং পরীক্ষার জন্য সময় লেগেছে প্রায় ছয় বছর।

এই বিষয়ে উইটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস লারকিন বিবিসিকে বলেন, ‘প্রতিদিন গড়ে অন্তত একটি গন্ডার এখনো চোরা শিকারিদের হাতে মারা পড়ে। আমরা যদি সতর্ক না হই, এই সংখ্যা আরও বাড়বে। এই প্রযুক্তি চোরা শিকার রোধে বড় ধরনের একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে।’

এই প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে ২০টি গন্ডারের শিঙে নিরাপদভাবে তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগ করা হয়েছে। গবেষকদের দাবি, এতে গন্ডারদের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থারও সহায়তা নেওয়া হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ৪০ ফুট দীর্ঘ কার্গো কনটেইনারের ভেতর থেকেও তেজস্ক্রিয় বস্তু শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে আশা করা হচ্ছে, তেজস্ক্রিয়তার মাধ্যমে চোরাচালান পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া সম্ভব হবে।

দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট গন্ডার সংরক্ষণকর্মী ও ‘সেভ দ্য রাইনো’ সংস্থার পরিচালক জেমি জোসেফ এই উদ্যোগ সম্পর্কে বলেছেন, ‘এটি উদ্ভাবনী এবং অত্যন্ত প্রয়োজনীয়। এটি হয়তো চূড়ান্ত সমাধান নয়, তবে এটি নিশ্চিতভাবে চোরা শিকার ও পাচারে বাধা সৃষ্টি করবে এবং অবৈধ নেটওয়ার্কের মানচিত্র আঁকতে সাহায্য করবে।’

‘সেভ দ্য রাইনো’-এর তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে প্রতিবছর দক্ষিণ আফ্রিকায় গড়ে ৪০০টির বেশি গন্ডার চোরা শিকারিদের হাতে মারা যাচ্ছে।

রাইজোটোপ প্রকল্পের প্রধান জেসিকা ব্যাবিচ বলেন, ‘আমাদের লক্ষ্য, এই প্রযুক্তিকে ব্যাপক পরিসরে প্রয়োগ করে আফ্রিকার সবচেয়ে প্রতীকী ও বিপন্ন প্রজাতিগুলোর একটি রক্ষা করা। এটি শুধু গন্ডারকেই নয়, আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশকেও রক্ষা করবে।’

উল্লেখ্য, আফ্রিকান গন্ডারের শিং বহু বছর ধরে এশিয়ার বাজারে পাচার হচ্ছে। এটি ঐতিহ্যবাহী ওষুধ তৈরি ও বিত্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে শ্বেত গন্ডারের অস্তিত্ব ‘হুমকির মুখে’ এবং কৃষ্ণ গন্ডার ‘চরমভাবে বিপন্ন’ প্রজাতির তালিকায় রয়েছে।

জে.এস/

গবেষণা দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250