শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় শফিকুর রহমান এই দাবি করেন। 

জামায়াত আমির বলেন, গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোনো একটা বিপথগামী দিয়ে বসেছে। আর এটা নিয়ে কিছু মানুষ হইহই রইরই শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে, এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা, উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব।

মনে রাখবেন, 'হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না।’

জামায়াত আমির বলেন, ‘একদল লোক এখনই কী করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্বই এরা রাখবে না। এরা খাবলে, খামচে, কামড়ে আবার ৫৬ হাজার বর্গমাইল আর ১৮ কোটি মানুষকে শেষ করে দেবে।এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না। এটা নিরাপদ নয়।’

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘কোনো ভোট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না।’

শফিকুর রহমান আরো বলেন, “ফ্যাসিবাদকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। দুর্নীতি, চাঁদাবাজি নির্মূল করা হবে। অতীতে পচা যে রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সে রাজনীতি যারা দেখতে চান না, তাদেরকে আগামী ১২ই ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। যারা সন্ত্রাস-চাঁদাবাজি করে, তাদের হাতে দেশ যাবে না।”

জে.এস/

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250