‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরটি শুরু হবে আগামী ১২ মে। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’। ১২ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
একই দিনে ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে এই রোমান্টিক কমেডি। ফলে কান উৎসবের আবহ ছড়িয়ে পড়বে দেশজুড়ে।
লা ভেনাস ইলেকট্রিক ১৯২৮ সালের প্যারিসের পটভূমিতে নির্মিত। পিয়েরে সালভাদোরির এই সিনেমায় উঠে এসেছে বিংশ শতাব্দীর শুরুর দিকে প্যারিসের শৈল্পিক আবহ ও আধ্যাত্মিকতার মিশ্রণ।
গল্পের কেন্দ্রে আছে আন্টোয়ান নামের এক জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী। স্ত্রীর মৃত্যুর পর সে বিষণ্নতায় ডুবে যায়, ছবি আঁকার প্রেরণা হারিয়ে ফেলে। এক রাতে মদের নেশায় স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সে। কিন্তু বাস্তবে কথা বলে সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে, যে খাবার চুরি করতে ওই জায়গায় ঢুকে পড়েছিল।
সুজান প্রতারণার আশ্রয় নিয়ে একের পর এক ভুয়া আত্মা ডাকার আয়োজন করতে থাকে। নানা হাস্যকর ও আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সম্পর্ক এগিয়ে যায়।
৭৯তম কান চলচ্চিত্র উৎসব ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন অভিনেত্রী আই হেইদারা। ৯ এপ্রিল কান উৎসবের মূল প্রতিযোগিতার অন্যান্য সিনেমার নাম ঘোষণা করার কথা রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন