মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল রোববার (১৪ই সেপ্টেম্বর) দিনভর সারাদেশে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আরও পাঁচ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে দেশের ১২টি জেলায় বন্যার শঙ্কা, জলাবদ্ধতা ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক সুখবর ডটকমকে বলেন, আগামী দুই দিনের জন্য খুলনা ও বরিশাল বাদে অন্য ছয়টি বিভাগে ভারী বর্ষণের আভাস রয়েছে। উত্তরাঞ্চলে রংপুর বিভাগে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়, অতি ভারী বৃষ্টিতে বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীর পানি। এতে ১২টি জেলায় ছড়িয়ে পড়তে পারে বন্যা।

পাউবো জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীসমূহের পানির সমতল বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদসমূহ বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভোগাই-কংস নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলাসমূহের উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনীর হালদা নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সে সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় সারাদেশের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

জে.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250