মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নওগাঁয়

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী গ্রামের জামিল হোসেনের বিয়ে। ছবি: সংগৃহীত

ভাষা, সংস্কৃতি আর দেশের ব্যবধান—সবকিছুই হার মানল ভালোবাসার কাছে। মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম পাড়ি দিয়েছেন হাজার মাইল পথ, বাংলাদেশে এসেছেন প্রেমিক জামিল হোসেনের হাত ধরে।

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী গ্রামের ছেলে জামিল হোসেন। মালয়েশিয়ায় প্রবাসজীবনের সময় তার সঙ্গে পরিচয় হয় নাজিয়ার। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে, এরপর প্রেমে। একসময় দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়াতেই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

তবে প্রেমের এ জয়গাথার আরেকটি নতুন অধ্যায় যোগ হলো শুক্রবার (৪ঠা জুলাই)। জামিলের নিজের গ্রামে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় তাদের বিবাহের অনুষ্ঠান। আগের দিন বৃহস্পতিবার (৩রা জুলাই) রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদের আয়োজন।

জানতে চাইলে জামিল হোসেন জানান, ২০১৭ সালে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে জহুরবারুর মোয়ার থানার এক ফার্নিচারের দোকানে চাকরি করতেন। পাশে একটি শপিং মলে নিয়মিত যাতায়াতের সময় নাজিয়ার সঙ্গে পরিচয়। সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে। পরে নাজিয়া তার পরিবারকে বিষয়টি জানালে শুরুতে আপত্তি থাকলেও শেষমেশ দুই পরিবার সম্মত হয়। মালয়েশিয়াতেই তারা বিয়ে করেন। এরপর ৩০শে জুন বাংলাদেশে আসেন এবং এখানেও ইসলামি রীতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘জামিলকে আমি মন থেকে ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। জামিলের পরিবার আমাকে মেয়ের মতো আপন করে নিয়েছে। গ্রামের মানুষজন এত আন্তরিক—ভাবতেই পারিনি এত ভালোবাসা পাব।’ তিনি জানান, এখানকার খাবারও তার ভীষণ পছন্দ হয়েছে।

জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘বউমার ব্যবহার ভালো। সে খুব সহজেই পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে। নানা কাজে সবার পাশে দাঁড়ায়। মানুষ তাকে দেখতে আসছে, প্রশংসাও করছে।’

এদিকে নাজিয়াকে একনজর দেখতে শুধু পাশের গ্রাম নয়, আশপাশের উপজেলা এমনকি দূরদূরান্ত থেকেও ছুটে আসছেন মানুষ। কৌতূহলী লোকজন বলছেন, টিভি বা ফেসবুকে বিদেশি বউয়ের খবর দেখেছেন, কিন্তু এবার তা বাস্তবে দেখার সুযোগ হলো। নববধূকে দেখতে বাড়ির আঙিনা এখন যেন এক উৎসবমুখর মেলায় পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, ‘আমাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। অনেকেই এখন শুধু দেখতে না, ছবি তুলতেও আসছেন। মনে হচ্ছে, সিনেমার গল্প বাস্তব হয়ে গেছে।’

মালয়েশিয়ান তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250