ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। লাতিন আমেরিকার তেলসম্পদ–সমৃদ্ধ দেশটির ওপর চাপ বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার ওপর অবরোধ জোরদার করছে। খবর এএফপির।
তবে ভেনেজুয়েলার প্রধান মিত্র রাশিয়া মাদুরোর সরকারের প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করেছে। ওয়াশিংটন কারাকাসের বিরুদ্ধে সামরিক তৎপরতা ও হুমকি আরও জোরদার করেছে।
মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতেই কি ওয়াশিংটন এমন হুমকি দিচ্ছে, ফ্লোরিডায় নিজের বাড়িতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা তার ব্যাপার, তিনি কী করতে চান। আমি মনে করি, এটা করা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে।’ ১২ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন মাদুরো।
মাদুরোকে খানিকটা হুমকির সুরে ট্রাম্প আরও বলেন, ‘তিনি যদি কিছু করতে চান—যদি তিনি কঠোর অবস্থান নেন, তবে সেটাই হবে তার শেষবারের মতো কঠোর অবস্থান নেওয়া।’
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্যের জবাব দেন মাদুরো। তিনি বলেন, ‘ট্রাম্পের জন্য কারাকাসকে হুমকি দেওয়ার বদলে নিজের দেশের সমস্যাগুলোতে মনোযোগ দেওয়া অধিক উত্তম হবে।’
নিকোলা মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে আরও বলেন, ‘নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে থাকাই তার জন্য ভালো হবে এবং যদি নিজের দেশের কাজকর্ম ঠিকভাবে দেখাশোনা করেন, তবে বিশ্বে তার অবস্থান আরও ভালো হবে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন