ফাইল ছবি
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটের দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর নতুন একক গান ‘ওপালাইট’-এর মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। নতুন এই মিউজিক ভিডিওটি ইতোমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে একঝাঁক তারকার উপস্থিতিতে দর্শকদের নব্বই দশকের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যান এ পপ গায়িকা। ভিডিওর রচয়িতা ও পরিচালকও সুইফট নিজেই।
তবে ‘ওপালাইট’-এর মিউজিক ভিডিওর আইডিয়াটি কিন্তু মজার ছলেই তার মাথায় এসেছিল যেখানে কিলিয়ান মারফি, ডমনাল গ্লিসন, গ্রেটা লি এবং লুইস ক্যাপালডির মতো তারকারা অভিনয় করেছেন।
তারকাখচিত এই ভিডিওটি বানানোর ধারণা কীভাবে তার মাথায় আসল, সে প্রসঙ্গে সুইফট জানান- গত বছরের অক্টোবর মাসে যুক্তরাজ্যের জনপ্রিয় ‘গ্রাহাম নর্টন শো’ থেকে তিনি এই ধারণাটি পান। সেসময়ে এই শোতে কিলিয়ান মারফি, ডমনাল গ্লিসন, গ্রেটা লি এবং লুইস ক্যাপালডির সঙ্গে অতিথি হিসেবে টেইলর সুইফটও অংশ নিয়েছিলেন।
সুইফটের ভাষ্য, সেই শো চলাকালীন হ্যারি পটার খ্যাত অভিনেতা ডমনাল গ্লিসন রসিকতা করে সুইফটের ভিডিওতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। সেই মজার ছলে বলা কথা থেকেই সুইফটের মাথায় পরিকল্পনাটি আসে।
ইনস্টাগ্রামে সুইফট লিখেছেন, এটি যেন বড়দের জন্য একটি স্কুল গ্রুপ প্রজেক্ট ছিল। মজার ব্যাপার হল, ওই শো-এর সকল অতিথি এমনকি খোদ গ্রাহাম নর্টনও এই ভিডিওতে অভিনয় করেছেন।
ভিডিওর গল্পে দেখা যায় একটি ‘ওপালাইট স্প্রে’, যার জাদুকরি শক্তিতে জড় বস্তু মানুষে পরিণত হতে পারে। ভিডিওতে সুইফট একটি পাথরকে নিজের প্রিয় বন্ধু হিসেবে সঙ্গে রাখেন। অন্যদিকে ডমনাল গ্লিসনের সঙ্গী একটি ক্যাকটাস, যা ওপালাইট স্প্রে করার পর মানবী টেইলর সুইফটে রূপান্তরিত হয়।
গানের নাম ‘ওপালাইট’ রাখার পেছনে একটি ব্যক্তিগত কারণও খুঁজে পাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সুইফটের বাগদত্তা ট্রাভিস কেলসির বার্থস্টোন (জন্মরত্ন) হল ‘ওপাল’, যার সঙ্গে গানটির নামের মিল রয়েছে। গানটি বর্তমানে এই পপ তারকাকে ব্যাপক আলোচনায় রেখেছে।