ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ‘যদি সঠিক কাজ না করেন’, তবে নিকোলা মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। খবর আল জাজিরার।
দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দেন। দেলসি রদ্রিগেজ ইতিমধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
ট্রাম্প বলেন, দেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন দেলসি রদ্রিগেজ। এর জবাবে ট্রাম্প এ সতর্কবার্তা দেন।
মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর গত শনিবার (৩রা জানুয়ারি) ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ বলেন, তার দেশ প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।
মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প আটলান্টিককে বলেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন, শাসন পরিবর্তন বলুন—যাই বলুন না কেন—বর্তমান পরিস্থিতির চেয়ে যেকোনো কিছুই ভালো। এর চেয়ে খারাপ হওয়ার আর সুযোগ নেই।’
ট্রাম্প আরও বলেন, অন্য দেশগুলিও মার্কিন হস্তক্ষেপের আওতায় আসতে পারে। ন্যাটোর সদস্য ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের গ্রিনল্যান্ড দরকার, একেবারেই দরকার।’
জে.এস/
খবরটি শেয়ার করুন