বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রীদের বিমানভাড়া কমানোর ইঙ্গিত দিলেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি জানান, গত বছর প্রায় ২৭ হাজার টাকা বিমানভাড়া কমানো হয়েছিল। এবারও বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য সরকারের উদ্যোগ অব্যাহত আছে।

গতকাল বুধবার (২৪শে সেপ্টেম্বর) সকালে রাজধানীর আশকোনায় ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজ ২০২৬ এ সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, 'হজের খরচ কমানোর বিষয়ে জনসাধারণের জোরালো দাবি রয়েছে। তবে সরকারের পক্ষে ইচ্ছা করলেই হজের খরচ কমানো সম্ভব নয়। বিশেষ করে সৌদি প্রান্তের খরচ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ সেগুলো সেই দেশের সরকার নির্ধারণ করে। আমরা কেবল বিমানভাড়া ও বাড়িভাড়া নিয়ে কিছুটা দর কষাকষি করতে পারি। বিমানভাড়া যৌক্তিকভাবে নিরূপণের জন্য আমরা কাজ করছি।'

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনায় সরকারের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। বরং সরকারি মাধ্যমে হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজীদের ফেরত দেওয়া হয়। এবছরই সরকারি মাধ্যমে হজে যাওয়া হাজীদের কাছে ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা মনে করেন, সরকারি মাধ্যমে হজযাত্রী যত বেশি যাবে, তত সহজ ও নিরাপদ হবে হজ ব্যবস্থাপনা। তিনি বলেন, 'এ দেশ থেকে যদি উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করে, তবে আমরা তাদের উন্নত সেবা নিশ্চিত করতে পারব।'

আ ফ ম খালিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250