সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এই কথা বলেন। একইসঙ্গে তিনি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করার কথাও জানিয়েছেন। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে পূর্বঘোষিত সামরিক হামলা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার তিনি জানান, গত দুই দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সামরিক বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ‘ভঙ্গি এবং সুর’ ছিল অত্যন্ত গভীর, বিস্তারিত ও গঠনমূলক। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও তিনি জানান।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

এর আগে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার জন্য ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। এর জবাবে ইরানও ইসরায়েল ও এই অঞ্চলের মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। ট্রাম্পের এই নতুন ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে এক মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250