ছবি: সংগৃহীত
বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনতে বিদ্যমান টাস্কফোর্স পুনর্গঠন করেছে সরকার। গত বছরের জানুয়ারিতে গঠিত এ টাস্কফোর্স পুনর্গঠনে আজ রোববার (৩০শে সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সভাপতি করে ৯ সদস্যের এ টাস্কফোর্স গঠন করা হয়। গভর্নর ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বিএফআইইউ-এর একজন উপযুক্ত প্রতিনিধিকে টাস্কফোর্সের সদস্য করা হয়েছে।
টাস্কফোর্সের কার্যপরিধি প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ থেকে বিদেশে পাচারকৃত অর্থ বা সম্পদ চিহ্নিতকরণ ও তদন্তে সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতা প্রদান; পাচারকৃত সম্পদ উদ্ধারে দায়েরকৃত মামলাসমূহের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা ও তা দূরীকরণে উদ্যোগ গ্রহণ; বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ; জব্দ বা উদ্ধারকৃত সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ; এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ, বিদেশী সংস্থার সঙ্গে যোগাযোগ, তথ্য আহরণ; এবং পাচারকৃত সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষের সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন।
আরও পড়ুন: রেমিট্যান্সে সুখবর, সেপ্টেম্বরে এলো ২১১ কোটি ডলার
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী টাস্কফোর্সের কার্যাবলি সমন্বয় করবেন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) টাস্কফোর্সকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে। টাস্কফোর্স প্রয়োজনে সরকারি-বেসরকারি কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কোনো দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি বা বিশেষজ্ঞকে সভায় উপস্থিত হওয়াসহ বিশেষজ্ঞ মতামত/পরামর্শ প্রদানের অনুরোধ করতে পারবে।
এসি/কেবি