ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ‘কথা কম বলতে চাই, কাজ বেশি করব।’ আজ বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
এর আগে গতকাল বুধবার আগামী চার বছরের জন্য হেরা সোয়েটার্সের মালিক মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পেয়ে আজ সকাল ১০টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকে আসেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংক ভবনে আসার পর প্রথমে ওপরে গিয়ে ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। এরপর তিনি সব নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তার যাওয়ার কথা।
২০২৪ সালের ৫ই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ৯ই আগস্ট পদত্যাগ করেন। এরপর ১৩ই আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ দেওয়া হয়।
তবে গভর্নরের বিরুদ্ধে কর্মকর্তারা ‘স্বৈরাচারী আচরণ’ বন্ধের হুমকি দেওয়ার পরপরই গতকাল বুধবার ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার আগেই তড়িঘড়ি করে দপ্তর থেকে বের হয়ে চলে যান আহসান মনসুর। একই দিনে সরকার নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন মোস্তাকুর রহমান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিকম (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে তিনি আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন।
রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব, ঢাকার শিল্প ও ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআইর পর্ষদসহ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
খবরটি শেয়ার করুন