ছবি : ইএসপিএন ক্রিকইনফো
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাটাই ইতালির জন্য অনেক বড় চমক। আইসিসি ইভেন্টে এবারই তারা প্রথমবারের মতো অংশ নিয়েছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এবার নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছে। এক নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগে ইতালির নারী ক্রিকেট সমন্বয়ক প্রবাথ একনেলিগোডাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইতালির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এফসিআরআই গতকাল মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) এক বিবৃতিতে একনেলিগোডাকে শাস্তির ব্যাপার নিশ্চিত করেছে। বিষয়টি বর্তমানে ফেডারেল প্রসিকিউটরের তদন্তাধীন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে এফসিআরআই প্রেসিডেন্ট তার প্রাতিষ্ঠানিক ক্ষমতাবলে একনেলিগোডাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
এফসিআরআই বলেছে, ‘তদন্তের চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ক্রীড়া পরিবেশের সততা রক্ষা এবং নির্দোষের অনুমান নীতির প্রতি সম্মান রেখেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, অভিযুক্ত একনেলিগোডার আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এই অভিযোগের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে।
এদিকে এফসিআরআইয়ের মিডিয়া ম্যানেজার রাকবির হাসান ক্রিকইনফোকে বলেছেন, ‘একনেলিগোডা বিশ্বকাপে গেলেও দলের কোনো দাপ্তরিক দায়িত্বে ছিলেন না। তিনি মূলত বিদায়ী প্রেসিডেন্ট মারিয়া লোরেনা হাজ পাজের সঙ্গী হিসেবে সেখানে ভ্রমণ করেছিলেন।’
যৌন হয়রানির কেলেঙ্কারির মধ্যেই অস্থিরতা বিরাজ করছে এফসিআরআইয়ের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বিশ্বকাপ অভিযান শেষ হতেই অপসারিত হয়েছেন এফসিআরআই প্রেসিডেন্ট হাজ পাজ। একই সঙ্গে পদত্যাগ করেছেন আরও ছয় বোর্ড সদস্য।
সিইও লুকা ব্রুনো মালাসপিনা নিশ্চিত করেছেন যে একগাদা কর্মকর্তা পদত্যাগের ফলে ফেডারেল কাউন্সিল ভেঙে পড়েছে। তবে মিডিয়া ম্যানেজারের দাবি এসব পদত্যাগের সঙ্গে যৌন হয়রানির অভিযোগের সরাসরি কোনো সম্পর্ক নেই।
ইতালি পুরুষ ক্রিকেট দল এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। চার ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ জিতেছে। যার মধ্যে নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমকে দিয়েছে ইতালি। ইংল্যান্ডের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দারুণ লড়েছিল ইতালি। শেষ পর্যন্ত ইতালি সেই ম্যাচে ২৪ রানে হেরে যায়।
খবরটি শেয়ার করুন