শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপস্টেইন-যোগ, চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ *** বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র *** ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের *** নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়, যা বলছে ভারতীয় গণমাধ্যম *** ভোটের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তে তৃণমূলে স্বস্তি *** ইসির গড়মিলে ভোট কাস্টিং ২৪৪%, কয়েকটি আসনে মোট ভোটারের কয়েক গুণ বেশি ভোট কাস্ট *** নির্বাচনের ফল ঘোষণার পর আলোচনা-সমালোচনায় শেখ সেলিম *** দেশের নেতৃত্বে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর উত্তরসূরি *** ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা *** খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল

ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ‘সুষ্ঠু হলেও’ গণনার ক্ষেত্রে ‘অনিয়ম-কারচুপির মাধ্যমে’ ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

গতকাল শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির একইসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী-সমর্থক-এজেন্ট ও ভোটারদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ করে একে ‘ফ্যাসিবাদী তৎপরতার’ সঙ্গে তুলনা করেন।

জামায়াত আমির বলেন, ‘নির্বাচন মানে হার-জিত থাকবে, সেটা স্বাভাবিক। সেই হার-জিত যদি স্বাভাবিকভাবে হয়, তাহলে সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু সেখানে যদি বড় ধরনের কোনো বৈষম্য অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে।’

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ করে তিনি বলেন, ‘এর সম্পূর্ণ দায় তাদের নিতে হবে, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবেন। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকেন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট পর্যবেক্ষণ-আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে।’

শফিকুর রহমানের অভিযোগ, গত বৃহস্পতিবার নির্বাচনী ফলাফল ঘোষণার সময় বেশ কিছু জায়গায় হঠাৎ করে ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈতনীতি অবলম্বন করা হয়েছে।’

তিনি বলেন, নাসীরউদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রে যা হয়েছে, আপনারা দেখেছেন, সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে যা হয়েছে, তার সাক্ষী দেশবাসী।

যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, তারা প্রতিকার চাইবেন জানিয়ে জামায়াত আমির আরও বলেন, ‘সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা প্রতিকার পাই, তাহলে এক কথা। যদি না পাই, তাহলে আমরা বাধ্য হবো আমাদের পথ ধরতে। আমরা আশা করব, নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদের নিতে হবে।’

সংবাদ সম্মেলন থেকে কোনো কোনো জায়গায় ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময়েও তা লক্ষ্য করেছি। মনে রাখবেন, চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদের ক্ষমা করবে না, যুব সমাজ তাদের ক্ষমা করবে না।’

গণভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মানুষ রায় দিয়েছে গণভোটের পক্ষে। অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে, এর কোনো পরিবর্তন আমরা দেখতে চাই না। গণভোটে “হ্যাঁ” বিজয়ী হয়েছে। যারা সরকার গঠন করবেন, সেটা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও ‘ফলাফল কারচুপির’ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল। আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে।’

এ ক্ষেত্রে ঢাকা-৮ ও ঢাকা-১৩ আসনের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক বলেন, ‘ভোটগ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে, এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য ও মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন, বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে।’

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250