শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোনো আসনে ভোট কাস্টিং ২৪৪%, মোট ভোটার ৩ লাখের বেশি হলেও ভোট কাস্ট প্রায় আট লাখ *** নির্বাচনের ফল ঘোষণার পর আলোচনা-সমালোচনায় শেখ সেলিম *** দেশের নেতৃত্বে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর উত্তরসূরি *** ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা *** খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল *** দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন *** ‘ওরা যেটা করেছে, এটা খুব ভয়ংকর’ *** শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন *** তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন *** তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

রয়টার্সের প্রতিবেদন

দেশের নেতৃত্বে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর উত্তরসূরি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: রয়টার্স

বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেশির ভাগ এলাকায় ভোটের ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন আগ্রহ, তেমনি এই নির্বাচন জায়গা করে নিয়েছে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমেও। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল বৃহস্পতিবারের (১২ই ফেব্রুয়ারি) সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে। এর ফলে দলটি প্রায় ২০ বছর পর আবার ক্ষমতায় ফিরেছে। দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এখন বড় দায়িত্বের মুখে।

২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে দীর্ঘ সময় অস্থিরতা চলেছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এখন তারেক রহমানের প্রধান কাজ হবে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা এবং পোশাকশিল্পসহ গুরুত্বপূর্ণ খাতগুলো আবার শক্তিশালী করে তোলা।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের হিসাবে বহু বছরের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপি ও তাদের মিত্ররা ২৯৯টি আসনের মধ্যে অন্তত ২১২টি আসনে জিতেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে ৭৭টি আসন।

এই ফলাফল নিয়ে তারেক রহমান এখনো কোনো বক্তব্য দেননি, যদিও ফলাফল স্পষ্ট হওয়ার পর ১২ ঘণ্টার বেশি সময় পার হয়েছে। তবে বিএনপি তাদের সমর্থকদের বড় ধরনের উদযাপন না করতে এবং শুক্রবার বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঢাকায় তার বাড়ির বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেননি। তবে মসজিদে যাওয়ার সময় গাড়ি থেকে হেসে হাত নেড়েছেন।

আজ শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে বিএনপি জানায়, ‘বড় ব্যবধানে জয়ী হলেও কোনো বিজয় মিছিল বা সমাবেশ করা হবে না।’

শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুব কর্মীদের নেতৃত্বে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ৩০টি আসনের মধ্যে মাত্র ছয়টিতে জয় পেয়েছে। এনসিপি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের অংশ ছিল।

কয়েক মাস ধরে চলা তীব্র হাসিনাবিরোধী অস্থিরতার কারণে দৈনন্দিন জীবনযাত্রা এবং পোশাকশিল্পসহ বিভিন্ন খাত ব্যাহত হয়েছিল। ১৭ কোটি ৫০ লাখ মুসলিম জনগোষ্ঠীর এই দেশে তাই একটি স্পষ্ট নির্বাচনী ফলাফলকে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, ‘সংসদে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে দ্রুত সংস্কার পাস করার সুযোগ দেবে এবং আইনসভায় অচলাবস্থা এড়াতে সহায়তা করবে। এতে অন্তত স্বল্প মেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে।’

নির্বাচনী ইশতেহারে বিএনপি বলেছে, তারা বেশি বেশি চাকরি সৃষ্টি করবে, নিম্ন আয়ের ও প্রান্তিক পরিবারগুলোকে সুরক্ষা দেবে এবং কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করবে।

২৮ বছর বয়সী পোশাকশ্রমিক জোসনা বেগম রয়টার্সকে বলেন, ‘কারখানা ঠিকমতো চলুক আর আমরা সময়মতো বেতন পাই—এটাই আমাদের চাওয়া। বিএনপি সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনুক, তাহলে বিদেশ থেকে আরো কাজ আসবে, আমরা টিকে থাকতে পারব।’

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানান।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশে প্রভাব বাড়ানো নিয়ে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা চলছে। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক খারাপ হয়েছে। এতে ভিসা সেবা ও দুই দেশের ক্রিকেট সম্পর্কও প্রভাবিত হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পরামর্শক থমাস কিন বলেন, ‘বাংলাদেশের সামনে সুযোগ আছে, কিন্তু বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ঠিকভাবে সামলানোই বড় চ্যালেঞ্জ।’

জামায়াতে ইসলামী ফলাফল স্পষ্ট হওয়ার পর পরাজয় মেনে নিয়েছে। তবে তারা জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট নয়। পাশাপাশি সমর্থকদের শান্ত থাকতে বলেছে। ২০১৩ সালে নিষিদ্ধ হওয়ার পর এবার প্রথম নির্বাচনে অংশ নিয়ে দলটি ৭০টি আসন পেয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিএনপি ২০০টির বেশি আসন জিতে তাদের ইতিহাসের অন্যতম বড় বিজয় অর্জন করেছে। এটি ২০০১ সালের ১৯৩ আসনের জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

তবে আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে ২৩০টি আসন পেয়েছিল, যা এখনো বড় ফলাফল হিসেবে রয়ে গেছে। আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবার নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে আগের অনেক নির্বাচনেই প্রধান প্রধান দলগুলো বয়কট করেছিল বা নির্বাচন নিয়ে বিতর্ক ছিল।

এবার ভোটার উপস্থিতি ২০২৪ সালের নির্বাচনের ৪২ শতাংশের তুলনায় বেশি হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবারের ভোটে নিবন্ধিত ভোটারদের প্রায় ৬০ শতাংশ ভোট দিয়েছেন। ভোটে ২ হাজারের বেশি প্রার্থী অংশ নেন, যাদের মধ্যে অনেকেই স্বতন্ত্র প্রার্থী। এবার রেকর্ডসংখ্যক অন্তত ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। এক আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়।

নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত সংবিধান সংস্কার নিয়ে গণভোটে ২০ লাখের বেশি ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন এবং ৮ লাখ ৫০ হাজারের বেশি ভোটার ‘না’ ভোট দেন।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ দুই মেয়াদের সীমা নির্ধারণ, বিচার বিভাগের আরো স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো, নির্বাচনের সময় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার রাখার বিধান এবং ৩০০ আসনের সংসদের পাশাপাশি একটি দ্বিতীয় কক্ষ গঠন।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250