শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র *** ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের *** নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়, যা বলছে ভারতীয় গণমাধ্যম *** ভোটের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তে তৃণমূলে স্বস্তি *** ইসির গড়মিলে ভোট কাস্টিং ২৪৪%, কয়েকটি আসনে মোট ভোটারের কয়েক গুণ বেশি ভোট কাস্ট *** নির্বাচনের ফল ঘোষণার পর আলোচনা-সমালোচনায় শেখ সেলিম *** দেশের নেতৃত্বে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর উত্তরসূরি *** ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা *** খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল *** দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন

ইসির গড়মিলে ভোট কাস্টিং ২৪৪%, কয়েকটি আসনে মোট ভোটারের কয়েক গুণ বেশি ভোট কাস্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

সদ্য অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬২.৪৭ শতাংশ 'হ্যাঁ' এর পক্ষে এবং ২৯.৩২ শতাংশ 'না' এর পক্ষে ভোট পড়েছে। দ্বিগুণেরও বেশি ভোট নিয়ে দেশব্যাপী 'হ্যাঁ' জয়ী হলেও নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত গণভোটের ফলাফল ও হিসাব নিয়ে বড় ধরণের গড়মিল খুঁজে পেয়েছে গণমাধ্যম। অধিকাংশ আসনে 'হ্যাঁ' জয়ী হলেও ১১টি আসনে 'না' ভোট জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন থেকে পাওয়া গণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোট কাস্ট হয়েছে ২৪৪.২৯৫ শতাংশ। যেখানে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। এই আসনে 'না' ভোটের পক্ষে পড়েছে ৬ লাখ ১২ হাজার ২২৯ ভোট এবং 'হ্যাঁ' এর পক্ষে পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮২ ভোট। উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারী সরদার।

এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে গণভোট পড়ার হার দেখানো হয়েছে মাত্র ৭.৮৯৯ শতাংশ। যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কাস্টিং ভোটের তুলনায় অনেক কম। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছে ৬০.৮৩ শতাংশ। এই আসনে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

এদিকে নেত্রকোনা-৩, নেত্রকোনা-৪ এবং নেত্রকোনা-৫ আসনে 'হ্যাঁ' ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়েও বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬৮৬ জন হলেও 'হ্যাঁ' তে ভোট পড়েছে ৫ লাখ ২ হাজার ৪৩৮টি।

অথচ সেখানে প্রদত্ত মোট ভোটের সংখ্যার স্থলে দেখানো হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৫৮ ভোট এবং কাস্টিং ভোট দেখানো হয়েছে ৫৬.৬৫৯ শতাংশ। নেত্রকোনা-৪ ও নেত্রকোনা-৫ আসনেও একইভাবে তথ্যের গড়মিল রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত এই গণভোটে দেশজুড়ে 'হ্যাঁ'-এর পক্ষে পড়েছে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট এবং 'না'-এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। ২৯৯টি সংসদীয় আসনে গণভোট প্রদানের গড় হার ৬০.২৬ শতাংশ।

২৯৯টি আসনের মধ্যে মোট ১১টি আসনে 'না' ভোট জয়ী হয়েছে। এর মধ্যে পার্বত্য তিন জেলার সবকটি (৩টি) এবং গোপালগঞ্জের সবকটি (৩টি) আসনে 'না' জয়ী হয়েছে। খাগড়াছড়ি আসনে 'হ্যাঁ' এর পক্ষে পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ ভোট এবং 'না' এর পক্ষে পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২ ভোট। রাঙামাটি আসনে 'হ্যাঁ' এর চেয়ে 'না' ভোট ১ লাখ ৮ হাজার ১০৬টি বেশি পড়েছে। একইভাবে বান্দরবানেও 'না' ভোট ১৮ হাজার ৭৩৯টি বেশি পড়েছে।

আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি আসনেই 'হ্যাঁ' এর চেয়ে প্রায় তিন গুণ ভোট পড়েছে 'না' তে। গোপালগঞ্জ-১ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ৫৪,৭১৬টি এবং 'না' ভোট পড়েছে ১,২৮,২৯৮টি। গোপালগঞ্জ-২ আসনে 'হ্যাঁ' ভোট ৩৪,৩০২টি এবং 'না' ভোট ১,০৭,২৯০টি। গোপালগঞ্জ-৩ আসনে 'হ্যাঁ' ভোট ৩৩,৪৯৮টি এবং 'না' ভোট পড়েছে ৯৩,৩৬৮টি।

এছাড়া অন্য যে আসনগুলোতে 'না' ভোট জয়ী হয়েছে সেগুলো হলো— ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১২ এবং রাজশাহী-৪। 'না' ভোট বেশি পাওয়া এই ১১টি আসনের মধ্যে ১০টিতেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। শুধু রাজশাহী-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। 'হ্যাঁ' ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং 'না' ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। এছাড়া প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট।

গণভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250