ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার এই ভাষণ সম্প্রচার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার।
আজ বৃহস্পতিবার রেকর্ড করা ওই ভাষণ প্রচার করা হয়। সিইসি বলেন, নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯শে ডিসেম্বর, ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। আগামী ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২শে জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ই আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।
পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ই নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে।
খবরটি শেয়ার করুন