মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

হাতে করে তৈরি করেছিলাম রাহুল-প্রিয়াংকা জুটি: রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্রই ছিল তার সাফল্য। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়েই পানিতে ডুবে মৃত্যু হয় এ অভিনেতার। এদিকে রাহুলের মৃত্যু সংবাদ পেয়ে স্তব্ধ হয়ে পড়েন পরিচালক রাজ চক্রবর্তী! বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

২০০৮ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার সিনেমা 'চিরদিনই তুমি যে আমার' সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাহুল রাতারাতি জনপ্রিয়তা পান। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তিনি ছিলেন ‘রাহুল-প্রিয়াংকা’র রাহুল। রাজ চক্রবর্তীর এ সিনেমায় তৈরি হয় সেই জুটি। রাজের তৈরি সেই জুটির একজন আজ নেই। প্রথমে শুনে বিশ্বাস করতে পারেননি পরিচালক রাজ চক্রবর্তী। বারবার ভেবেছেন— হয়তো এ খবর ভুল।

কৃষ্ণ ও পল্লবীর প্রেম দেখে একটা গোটা প্রজন্ম নতুন করে বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট হয়েছিল। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন ধারা এনেছিলেন রাজ চক্রবর্তী। তিনিও পরিচালক হিসাবে তখন নবাগত ছিলেন। রাহুল-প্রিয়াংকার পর্দার প্রেম বাস্তবেও জায়গা করে নিয়েছিল।

২০১০ সালে বিয়ে হয় রাহুল-প্রিয়াংকার। পুত্রসন্তানের জন্ম দেন এ দম্পতি। নাম সহজ। দাম্পত্যে দূরত্বও আসে একসময়। কিন্তু তখনো দর্শকদের কাছে রাহুল-প্রিয়াংকা জুটি অটুট। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে থাকে। রাজের তৈরি জুটি বাস্তবেও অটুট হয়েই থেকে গেল শেষ দিন পর্যন্ত।

এ বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, রাহুলের মৃত্যুর খবর প্রথম পান শুভশ্রীর কাছ থেকে। কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না তিনি। প্রিয়াংকাকে ফোন করতেও ইতস্তত বোধ করছিলেন। কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হন, খবরটা সত্যি। 

পরিচালক বলেন, এখনো মনে হচ্ছে— খবরটা ভুল। আমাদের প্রথম সিনেমা একসঙ্গে। ১৮ বছর হয়ে গেছে সেই সিনেমার। ও মঞ্চেও ভালো কাজ করেছে। ভালো লেখালিখি করত। খুব গুণী ছেলে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। ওর পরিবারেরও বড় ক্ষতি।

২০২৩ সালে রাহুল ও রাজকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল। ‘আবার প্রলয়’ সিনেমার ঝলক মুক্তি পাওয়ার পর সামাজিক মাধ্যমে রাহুলের একটি পোস্ট নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। রাহুল নাম না করেই দাবি করেছিলেন, রাজের কাজে হিন্দি সিনেমার অনুকরণ করা হয়েছে। 

রোববার সেই প্রসঙ্গ উঠতেই রাজ চক্রবর্তী বলেন, এই দুঃসংবাদ পাওয়ার পর আমার মাথাতেই আসেনি যে, আমার সঙ্গে কী হয়েছিল। আর সত্যিই আমার মনে নেই, আদৌ কিছু হয়েছিল কিনা। ছেলেটাই আর রইল না। আমরা চাইলেও আর ওর সঙ্গে কথা বলতে পারব না। চাইলেও আর ওর অভিনয় দেখতে পারব না।

উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল। ইউনিটের একটি সূত্রে খবর, শুটিংয়ের পর একাই পানিতে নামেন রাহুল। পানির তলায় নাকি রাহুলের পা আটকে যায় বালিতে। আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। এরপর রাহুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাহুলের মৃত্যুতে রাজ স্তব্ধ হয়ে গেলেও ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার রাহুল-প্রিয়াংকা জুটি দর্শকদের কাছে অমর হয়ে থাকবে। এরপরও ‘বর বউ খেলা’, ‘কেন কিছু কথা বলো না’র মতো সিনেমায় অভিনয় করেছিলেন তারা। তবে দর্শকদের চোখে কৃষ্ণ-পল্লবী জুটি আজও অমলিন।

জে.এস/

টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250