শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে তার দল।

তিনি বলেন, আমরা আইন অনুযায়ী তার (শেখ হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।

আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গতকাল জাতীয় নির্বাচনে বেসরকারি ফলাফলে কক্সবাজার-১ আসন থেকে বিএনপি প্রার্থী সালাহউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু-নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল।

তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। এ দেশের সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি।

তিনি বলেন, এরইমধ্যে জুলাই জাতীয় সনদ সই হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে। জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী, এই দেশকে মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর এবং জ্ঞাননির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশবাসীর সহযোগিতা চাই।

তিনি বলেন, আমরা আশা করছি আজ বিকেলের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফল ঘোষণা করবে এবং তারপর থেকে ক্ষণ গণনা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি সাংবিধানিকভাবেই হবে।

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250