বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। পৃথক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে অভিনন্দন জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করতে দুই দেশই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বার্তায় চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়নে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান। চীন ও বাংলাদেশের ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ওয়াং ই বলেন, কৌশলগত অংশীদারত্বের আওতায় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তিনি পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে চান।

দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ও বহুমাত্রিক সম্পর্কের ওপর জোর দিয়ে জয়শঙ্কর আশা প্রকাশ করেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা অব্যাহত থাকবে এবং আরও বাড়বে।

খলিলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250