বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

স্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে আকাশ ছুঁলেন তিনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

এগারো হাজার ফুট ওপর থেকে প্যারাসুট নিয়ে পৃথিবীতে নেমে আসছেন টম লাওয়ারি। ছবি: ব্ল্যাক নাইটস স্কাই ডাইভিং সেন্টার

যে যুগে মানুষ বিয়ের প্রতি অনীহা দেখাচ্ছে, সেই যুগে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের গল্প! এই সময়ে এসে এমন গল্প অনেকের হাসির উদ্রেক করবে নিশ্চিত। কিন্তু সত্যি তাই ঘটেছে। কিছু মানুষ তো থাকেন, যারা সব হিসাবের বাইরে নিজের হিসাবেই চলেন, সাফল্য-ব্যর্থতা যা-ই আসুক না কেন। যারা সফল হন, তাদের কথা আমরা জেনে যাই। যারা ব্যর্থ হন, নীরবে-নিভৃতে তারা হারিয়ে যান। টম লাওয়ারি তেমনি জিতে যাওয়া মানুষদের একজন।

স্ত্রীর প্রতি ভালোবাসা অমর করে রাখতে মানুষ কী কী করতে পারেন? বেশিরভাগ মানুষ বলবেন, শাজাহানের মতো কেউ কেউ তাজমহল তৈরি করতে পারেন। কিংবা কেউ মুকেশ আম্বানির মতো প্রায় দেড় হাজার কোটি রুপির বাড়ি বানাতে পারেন। তারপরেই উদাহরণের ডালি ফুরিয়ে যাবে। এখানেই যোগ করে দিই টম লাওয়ারির গল্পটা—পড়ে অনেক দিন এই উদাহরণ দিতে পারবেন বন্ধুদের আড্ডায়। খবর ম্যানচেস্টার ইভনিং নিউজের।

৭৬ বছর বয়সী টম লাওয়ারি আমেরিকার নাগরিক। তার স্ত্রীর নাম জোয়ান। পেশাগত জীবনে টম ছিলেন একজন হেভি গুডস ভেহিকল বা এইচজিভি ড্রাইভার। তার কাজ ছিল বিশাল ট্রাকে পণ্য নিয়ে দূরদূরান্তে ছুটে যাওয়া। এ ছাড়া তিনি ছিলেন একজন রয়্যাল সিগন্যালস ভেটেরান। টম ও জোয়ানের দাম্পত্য জীবন ছিল ২৪ বছরের। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। জীবনের শেষ দিনগুলো তার কাটছিল লিটল হল্টনের সেন্ট অ্যান’স হসপিটালে। মাত্র তিন মাস রোগে ভুগে জোয়ান মারা যান ২০২২ সালের মার্চে। এদিকে টমের দেহেও ধরা পড়ে ক্যানসার। তিনি নিজেও প্রোস্টেট ক্যানসার নিয়ে চিকিৎসাধীন ছিলেন সেখানেই।

জোয়ান মারা যাওয়ার পর টম ঠিক করেন, তিনি জোয়ানের স্মৃতির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু করবেন। সঙ্গে জোয়ান যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেই সেন্ট অ্যান’স হসপিটালের জন্যও যদি কিছু করা যায়, মন্দ কী। এই চিন্তা থেকে তিনি অংশ নেন ১১ হাজার ফুট উচ্চতার স্কাই ডাইভ চ্যালেঞ্জে।

নিজের অসুস্থতায় ঘরে থাকতেই বেশি ভালোবাসে মানুষ। তার ওপর ক্যানসারের মতো রোগ হলে জীবনযাপন আরও সংবেদনশীল হয়ে যায়। তখন জীবনই যেন একটা শাস্তি বলে মনে হয় অনেকের কাছে। নিজের ক্যানসার আর প্রিয় মানুষের স্মৃতি বুকে বেঁধে টম আকাশে উড়ে গেলেন ২০২৩ সালের ১৯শে ফেব্রুয়ারি। এক দক্ষ ডাইভারের সঙ্গে পিঠে প্যারাস্যুট বেঁধে ঝাঁপ দিলেন ১১ হাজার ফুট উঁচু থেকে। নেমে এলেন নিরাপদে।

সংবাদমাধ্যমে টম বলেছিলেন, ‘আমি আগে কখনো প্যারাশুট জাম্প করিনি। আমি এখন দুর্বল, হাঁটা বা দৌড় আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি চেয়েছি জোয়ানের জন্য কিছু করতে, তার স্মৃতিকে সম্মান জানাতে।’ সে কাজে সফল হয়েছেন টম। জীবনে প্রশান্তি এসেছে।

এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে টম প্রমাণ করেছেন, ভালোবাসা শুধু জীবনের সহচরী নয়, মৃত্যুর পরেও তার ছায়া হৃদয়ে জেগে থাকে। আর তাকে বুকে নিয়ে বেঁচে থাকা যায় যুগ যুগ।

জে.এস/

ভালোবাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250