সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২শে ডিসেম্বর) সকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন– রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন (২০); মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম (২২); উত্তরা ১৩ নম্বর সেক্টরের আসিফ চৌধুরী (১৯)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাউয়ম খান গণমাধ্যমকে বলেন, ‘বুয়েটছাত্র নিহতের ঘটনায় তিন আসামির বিরুদ্ধে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত আসামিদের ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাদের শুধু লার্নার লাইসেন্স ছিল। এই লাইসেন্স দিয়ে সড়কে গাড়ি নিয়ে বের হওয়ার আইনগত কোনও সুযোগ নেই।’

এর আগে, গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। মুহতাসিম বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হন বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টায় মুহতাসিম তার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়া-দাওয়া করার জন্য আসেন। তারা খাওয়া-দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিন জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তার দুই সহপাঠী।

পরে তল্লাশিচৌকিতে থাকা পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা তিন জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল পাওয়া গেছে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রেফতার আসামিদের ডোপ টেস্ট করা হলে তাদের মধ্যে মুবিন আল মামুন (২০) ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভি আসে।

ওআ/কেবি

রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250