মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ফ্লোটিলার পাহারায় থাকছে না ইতালির যুদ্ধজাহাজ, আজ রাতেই ইসরায়েলি হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আর অনুসরণ করবে না ইতালি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিলোমিটার) দূরে পৌঁছালে তাদের ফ্রিগেটটি থেমে যাবে। এটি ঘটতে পারে স্থানীয় সময় রাত ১২টার দিকে।

আনুমানিক ৪০টির বেশি বেসামরিক নৌযান নিয়ে গঠিত এই বহরে রয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তাদের মধ্যে আছেন বিভিন্ন দেশের এমপি, আইনজীবী ও সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ফ্লোটিলার লক্ষ্য ইসরায়েলের গাজা অবরোধ ভাঙা।

ইতালি বহরের সদস্যদের প্রস্তাব দিয়েছে সাইপ্রাসের একটি বন্দরে ত্রাণ পৌঁছে দিতে, যাতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানো যায়। তবে ফ্লোটিলার পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা আবারও বলছি: বহর এগিয়ে যাবে। ইতালীয় নৌবাহিনী আমাদের থামাতে পারবে না। অবরোধ ভাঙার মানবিক দাবি পেছনে ফেরানো যাবে না।’

গত সপ্তাহে গ্রিস উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছিল ফ্লোটিলা। ড্রোন থেকে ছোড়া হয়েছিল স্টান গ্রেনেড ও বিস্ফোরক পদার্থ। এরপর থেকে ইতালি ও স্পেনের নৌযান ফ্লোটিলার সঙ্গে থাকলেও তারা সামরিকভাবে জড়ায়নি।

ইসরায়েল সে হামলার অভিযোগে কোনো মন্তব্য করেনি। তবে তারা বলেছে, গাজায় কোনো নৌকা পৌঁছাতে দেবে না। অবরোধকে বৈধ দাবি করে ইসরায়েল বলছে, এটি তাদের হামাসবিরোধী যুদ্ধের অংশ। ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা ধারণা করছি, ইসরায়েল আজ (১লা অক্টোবর) রাতে আক্রমণ করবে। সব সংকেত সেটাই বলছে।’

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় বহরটি আটকানো হতে পারে এবং কর্মীদের গ্রেপ্তার করা হতে পারে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ফ্লোটিলাকে থামতে বলেছেন। তার মতে, এই মিশন আমেরিকার  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পোপ লিওও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘সবাই বলছে যেন সহিংসতা না ঘটে, মানুষের প্রতি সম্মান দেখানো হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে যে ইতালীয় নৌযান গাজার কাছাকাছি পৌঁছালে কর্মীদের জাহাজ ছাড়ার সুযোগ দেবে। এ নিয়ে ফ্লোটিলা তাদের বিবৃতিতে বলেছে, ‘এটা সুরক্ষা নয়, এটা নাশকতা। এটা এক শান্তিপূর্ণ মানবিক মিশনকে ভেস্তে দেওয়ার চেষ্টা।’

তারা আরও বলেছে, ‘প্রত্যেক অংশগ্রহণকারী ঝুঁকির বিষয়টি জেনে এসেছেন। আমরা এসেছি কারণ গণহত্যা, অনাহার আর সম্মিলিত শাস্তির মুখে চুপ থাকা নৌযাত্রার ঝুঁকির চেয়েও বেশি বিপজ্জনক।’ শেষে ফ্লোটিলার পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, ‘ইতালীয় নৌবাহিনীও এই মিশন থামাতে পারবে না।’

জে.এস/

ইসরায়েল গাজা উপত্যকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250