বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণার তারিখ ৯ই মার্চ নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩রা মার্চ) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ এই মামলাটিতে দুজন সাক্ষী তাদের জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। জেরা শেষ হওয়ায় আদালত ৯ই মার্চ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
ওই দুই সাক্ষী হলেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন ও পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ই জুন তেজগাঁও থানার আওতাধীন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিসকক্ষে চার বোতল মদ পাওয়া যায়।
মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩শে জুলাই সিআইডির সাইবার তদন্ত শাখার এসআই প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ই অক্টোবর তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই মো. জামাল উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ২৫শে নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে এ নিয়ে তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ করলেন আদালত।
খবরটি শেয়ার করুন