ফাইল ছবি
চলতি বছরের ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, মেজর আবদুল জলিলসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ই মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদান রাখায় মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধে অবদান রাখায় মেজর মোহাম্মদ আবদুল জলিলকে মরণোত্তর, অধ্যাপক ড. জহরুল করিমকে বিজ্ঞান ও প্রযুক্তিতে, ড. আশরাফ সিদ্দিকীকে সাহিত্যে মরণোত্তর, সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতিতে বশির আহমেদকে মরণোত্তর ও জোবেরা রহমান লীনুকে ক্রীড়ায় এই পদক দেওয়া হচ্ছে।
সমাজসেবা–জনসেবায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরীকে মরণোত্তর, একই ক্ষেত্রে অবদান রাখায় মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরীকে মরণোত্তর, জনপ্রশাসনে অবদান রাখায় কাজী ফজলুর রহমানকে মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণক্ষেত্রে মোহাম্মদ আবদুল বাকী, একই খাতে অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। এ ছাড়া পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এই পদক পাচ্ছেন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ মুক্তিযুদ্ধে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাবিদ্যায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পল্লী উন্নয়নে, এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ সমাজসেবা-জনসেবায় এবং গণস্বাস্থ্য কেন্দ্র সমাজসেবা-জনসেবা খাতে অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন