ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এ দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে।'
আজ শুক্রবার (৪ঠা জুলাই) জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সবচেয়ে বেশি পোস্টার এঁকেছেন দেবাশিস চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারগুলো তখন যেমন ভাইরাল হয়েছিল, তেমনি মুহূর্তে মুহূর্তে মূর্ত করে তুলেছিল জন–আকাঙ্ক্ষার রূপ। এতে নতুন শিল্পিত ভাষার সঙ্গে মানুষের সংযোগ তৈরি হয় দ্রুতই। জুলাই গণ–অভ্যুত্থানের পোস্টার-কারিগর দেবাশিসের পোস্টার নিয়ে ইতিমধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনীরও আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে শিল্পীরা রংতুলি নিয়ে সক্রিয় হয়েছেন, কার্টুন ও পোস্টার এঁকেছেন। তখন তারা কাজ করতেন মূলত পুরোনো পদ্ধতিতে। তবে আঁকার ক্ষেত্রে এবার দেবাশিস ডিজিটাল পদ্ধতির শরণ নিয়েছেন। শুধু তা–ই নয়, পোস্টার ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করেছেন।
খবরটি শেয়ার করুন